---Advertisement---

Auto Image Slider

শনিবার বর্ধমানে রোড শো-এ জে পি নাড্ডা, চড়ছে রাজনৈতিক পারদ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শনিবার বর্ধমানে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আর বিজেপির সর্বভারতীয় সভাপতির বর্ধমান সফরকে ঘিরেই চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। খোদ বিজেপির দলীয় সূত্রে জানা গেছে, ওইদিন একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। বৃহস্পতিবার বিজেপির জেলা সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জে পি নাড্ডার বর্ধমান সফর নিয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায় জানান, অন্যান্যবারের মতই নাড্ডাজীর সফর নিয়ে আতংক তৈরী হয়েছে তৃণমূলে। তাই নাড্ডার বর্ধমান শহরে রোড শো-র জায়গা বদল করতে হয়েছে। 

বিজ্ঞাপন

রাজু বন্দোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা চেয়েছিলেন বর্ধমান শহরের বিসিরোডে প্রায় ১.৩ কিমি রাস্তায় নাড্ডাজীর রোড শো করবেন। সেই মর্মে তাঁরা জেলা প্রশাসনের কাছে আবেদনও করেছিলেন। কিন্তু রাজ্যে যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই বর্ধমান জেলা পুলিশ তাই স্বীকার করে নিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে হাজির থাকা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, জেলা পুলিশ জানিয়েছেন, তাঁরা নাড্ডাজীর বিসিরোডে পদযাত্রার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না। তিনি জানান, জেলা পুলিশের এই বক্তব্য থেকেই পরিষ্কার এই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার কি হাল। 

এদিন সাংবাদিক বৈঠক সেরেই নাড্ডার রোড শো-এর জায়গা ঠিক করতে এবং রালির পথ পর্যবেক্ষণ করতে রাস্তায় হাঁটেন রাজু বন্দোপাধ্যায়, সুকান্ত মজুমদার, জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দী, যুব নেতা শ‌্যামল রায় প্রমুখরা। কার্জনগেটে এসে সুকান্তবাবু জানিয়েছেন, জেলা প্রশাসনের এই ব্যর্থতার জন্য তাঁরা নাড্ডাজীর রোড শো বিসিরোডের পরিবর্তে বীরহাটা থেকে কার্জন গেট প্রায় ১ কিমি করবেন। উল্লেখ্য, এদিন তাঁরা জানিয়েছেন, শনিবার নাড্ডাজী কাটোয়া যাবেন। সেখানে মন্দিরে পুজো এবং একটি সভা করার পর বর্ধমানে আসবেন। এখনও পর্যন্ত নাড্ডাজীর সফর সূচী সম্পর্কে জানা গেছে, ওইদিন তিনি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজোও দিতে পারেন। তারপরই রোড শো-এ অংশ নেবেন। 
এদিন রাজু বন্দোপাধ্যায় জানিয়েছেন, নাড্ডাজীর এই রোড শো-এ জনবিস্ফোরণ ঘটবে। এদিকে, বিজেপির এই নাড্ডাজীর বর্ধমান সফর এবং ব্যাপক সমাবেশকে রীতিমত কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র দেবু টুডু। তিনি জানিয়েছেন, ওদের কয়েকজন নেতা মদ খেয়ে উল্টোপাল্টা বকছেন। তাই জনবিস্ফোরণ হবে কি হবে না সেটা শনিবারই বর্ধমানের মানুষ দেখতে পাবেন।

See also  বর্ধমানে মানুষের পাশবিক আচরণ, আটক দুই
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---