ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: এখনও বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই যুযুধান তৃণমূল বিজেপির মধ্যে বাকযুদ্ধ চরমে উঠতে শুরু হয়েছে। রীতিমত বদলা পাল্টা বদলার হুমকিতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে পূর্ব বর্ধমান জেলায়। শনিবার গলসীতে তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেবার অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে। এই নিয়ে দু পক্ষের মধ্যে বাকযুদ্ধ চরমে উঠেছে। তৃণমূল গ্রামের মহিলাদের ওই নেতাকে ঝাঁটা দিয়ে গ্রামছাড়া করার হুমকি দিয়েছে। অন্যদিকে দেখে নেওয়ার এবং প্রতিশোধ নেবার হুঁশিয়ারি দিয়েছে অভিযুক্ত বিজেপি নেতাও।

শনিবার একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে গলসিতে দিনের আলোয় বিজেপি নেতা রাজু পাত্র একটি দেওয়ালে সাদা চুন লেপে দিচ্ছেন তৃণমূলের দলীয় জোড়াফুলের প্রতীকের উপর। ঘটনাটি গলসি ১ নম্বর ব্লকের উচ্চগ্রাম গ্রামের। দ্রুত এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় এলাকায়। আর এরপরই গলসি এলাকায় শাসক ও বিরোধী রাজনীতি তুঙ্গে পৌঁছেছে।
বিষয়টি নিয়ে তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জাকির হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘রাজু পাত্র যে গ্রামে যাবে, সেই গ্রামের মহিলারা এবার ঝাঁটা দিয়ে তাকে তাড়াবে।’ তিনি বলেন, ‘তুমি নিজেকে বিরাট কিছু মনে কোরো না। তৃণমূল অশান্তি চায় না। আর অশান্তি করার চেষ্টা করলে তোমরা যে ভাষায় কথা বলবে, আমরাও সেই ভাষায় কথা বলব। তোমরা ঝগড়া লাগাতে চাইলে গলসি ১ নং ব্লকে একটাও দেওয়াল লিখতে দেব না। আর দ্বিতীয়বার যদি এটা কোথাও হয়, তাহলে বুঝিয়ে দেব তৃণমূল কী জিনিস।’
জানা গেছে, উচ্চগ্রামের মণ্ডলপাড়ার ১৯৩ বুথের একটি বাড়ির দেওয়ালে সাদা রঙের উপর নীল রং দিয়ে আঁকা ছিল তৃণমূলের জোড়াফুল। আর সেই জোড়া ফুল সাদা চুন দিয়ে মুছে দেন বিজেপি নেতা রাজু পাত্র। ভাইরাল ভিডিও প্রসঙ্গে রাজু পাত্রর কাছে জানতে চাওয়া হলে তিনি প্রশ্ন তুলে জানান, ওই দেওয়ালটা কি তৃণমূলের এগ্রিমেন্ট করা দেওয়াল? ওই দেওয়ালে পুরনো একটি ঘাসফুলের ছবি হালকা ভাবে আঁকা ছিল। সেখানে চুন দিয়েছি। ওই ছবি বহু পুরনো।’ তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘জাকির হোসেন যদি ভেবে নেন আমরা হাতে চুড়ি পরে বসে আছি, তাহলে মূর্খের রাজ্যে বাস করছে। আমরা হাতে চুড়ি পরা বিজেপি নই। আমরা প্রতিরোধ করতে পারি। আমরা প্রয়োজন পড়লে প্রতিশোধও নিতে পারি। উনি যদি আমাকে দেখে নেন, আমিও ওনাকে দেখে নেব।’ স্বাভাবিকভাবেই আসন্ন ভোটের আগে গলসি এলাকায় এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যে চড়তে শুরু করলো সেইরকমই মনে করছে ওয়াকিবহাল মহল।








