ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ক্যানেল বাঁধের ধার থেকে ছটি তাজা বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুর থানার উত্তর মোহনপুর এলাকায়। ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পরেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ খবর পেয়েই ওই এলাকা ঘিরে রাখে। পলিথিন প্যাকেট ভর্তি অবস্থায় বোমা গুলি রাখা ছিল ক্যানেল বাঁধের ধারে। যদিও কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি। গোটা ঘটনা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। জামালপুর পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় সিআইডির বোম স্কোয়াডকে। শনিবার দুপুরে বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে এসে নিরাপদে বোমা গুলিকে নিষ্ক্রিয় করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ।

অন্যদিকে, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে গত বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল আউশগ্রামের উক্তা পিচকুড়ি এলাকা। এবার সেই গ্রামেরই অদূরে শনিবার জলট্যাঙ্কির পাশ থেকে ৩টি শকেট বোমা উদ্ধার করল আউশগ্রাম থানার পুলিশ। স্বাভাবিকভাবেই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উদ্ধার হওয়া বোমাগুলি এদিন আনুমানিক বিকাল সাড়ে ৪টা নাগাদ CID-র বোম স্কোয়ার্ড এসে নিষ্ক্রিয় করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উক্তা পিচকুড়ি থেকে পরশুরামপুর যাওয়ার রাস্তার পাশে রয়েছে একটি PHE-র জল সরবরাহ কেন্দ্র। আর সেই জল প্রকল্পের সীমানা প্রাচীরের পাশে একটি থলির মধ্যে বোমাগুলি এদিন সকালে স্থানীয়দের নজরে আসে। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জায়গাটিকে ঘিরে রাখে পুলিশ। পরে দুর্গাপুর থেকে CID-র বোম স্কোয়ার্ডের একটি দল ঘটনাস্থলের পৌঁছে বোমা গুলিকে নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা, কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।









