---Advertisement---

মাথার ছাদ কাড়া চলবে না, বর্ধমানে বস্তিবাসীদের স্বার্থে রেলের বিরুদ্ধে সরব সাংসদ কীর্তি আজাদ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের ৪ নম্বর ওয়ার্ডে রেলের জমিতে বসবাসকারীদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, কোনোওরকম আগাম পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই বস্তি উচ্ছেদের প্রক্রিয়া শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়। দীর্ঘদিনের বাসস্থান হারানোর ভয়ে দিশেহারা হয়ে পড়েন সংশ্লিষ্ট এলাকার মানুষ।

বিজ্ঞাপন

এই ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন সাংসদ কীর্তি আজাদ। সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, স্থানীয় কাউন্সিলর নুরুল আলম সাহেব, স্বরাজ ঘোষ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। সাংসদ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দীর্ঘদিনের বসবাসের ইতিহাস ও বর্তমান অনিশ্চয়তার কথা শোনেন। অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষের তরফে পূর্ব ঘোষণা ও পুনর্বাসনের স্পষ্ট রূপরেখা ছাড়াই উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হয়েছিল।

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ঘটনাস্থল থেকেই সাংসদ ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের ডিআরএম-এর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। সাংসদ স্পষ্টভাবে জানান, “উন্নয়নের নামে মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া যায় না।” তিনি দাবি করেন, পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না করে কোনোভাবেই উচ্ছেদ প্রক্রিয়া চালানো যাবে না।

সাংসদের এই হস্তক্ষেপের পর ডিআরএম আশ্বাস দিয়েছেন যে, আগামী মাসের প্রথম সপ্তাহে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নিয়ে একটি যৌথ পরিদর্শন বা জয়েন্ট ইনস্পেকশন করা হবে। প্রশাসনিক সূত্রে খবর, সেই পরিদর্শনের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। রেলের উন্নয়নমূলক কাজের প্রয়োজন হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

আপাতত পরিস্থিতি স্থিতিশীল থাকলেও বাসিন্দাদের মনে সংশয় কাটেনি। আসন্ন যৌথ পরিদর্শন ও প্রশাসনিক সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে বর্ধমানের ৪ নম্বর ওয়ার্ডের সংশয়াকীর্ণ বস্তিবাসী। প্রশাসনিক স্তরে বিষয়টি তদন্তাধীন এবং নজরদারিতে রাখা হয়েছে বলে সাংসদ জানিয়েছেন।

See also  রাজ্যে পুজোর আগে দাম বাড়ছে না মদের !
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---