---Advertisement---

সরকারি প্রকল্পের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল ভাতার, বিডিও অফিসে চরম বিশৃঙ্খলার ছবি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার ভাতার বিডিও অফিসে সরকারি সহায়তার আবেদনপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার নজিরবিহীন বিশৃঙ্খলা পরিলক্ষিত হলো। মূলত খেতমজুরদের জন্য ঘোষিত সরকারি সহায়তা প্রকল্পের ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রেই এই চরম অরাজকতা সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, সাধারণ মানুষকে রীতিমতো যুদ্ধ করে ফর্ম জমা দিতে হয়েছে বলে অভিযোগ।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত আবেদনকারীদের মধ্যে বিশেষ করে মহিলাদের চরম ভোগান্তির শিকার হতে হয়। ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থেকেও সুশৃঙ্খলভাবে ফর্ম জমা দিতে পারেননি অনেকেই। ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের তরফে নির্দিষ্ট কোনো লাইন বা সুশৃঙ্খল ব্যবস্থাপনার উদ্যোগ না থাকার কারণেই এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি এবং খেতমজুরদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় মাসিক ভাতার বিষয়টিও প্রক্রিয়াধীন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমুখী প্রকল্পগুলির সুবিধা পেতে বর্তমানে রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি দপ্তরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভিড় সামাল দিতে অঞ্চলভিত্তিতে দিন ধার্য করা হয়েছিল। মঙ্গলবার ছিল ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের বাসিন্দাদের জন্য নির্ধারিত দিন। তবে বিপুল সংখ্যক আবেদনকারীর উপস্থিতি এবং পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে বিডিও চত্বরে ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের ভূমিকা এবং ভিড় সামাল দেওয়ার পরিকল্পনা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

See also  বর্ধমানের দুই কেন্দ্রের প্রার্থীর সমর্থনে নাড্ডার রোড শো, বিলোলেন ফুলের সঙ্গে চকোলেট
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---