রানিগঞ্জ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির ‘ঘরে ঘরে মোদী’ প্রচার কর্মসূচি জোরদার হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে বিজেপি নেতা মনোজ ওঝা শনিবার ৮৯ নম্বর ওয়ার্ডের ৫২ নম্বর বুথে সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে লিফলেট তুলে দেন। গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।


এই প্রচারে উপস্থিত ছিলেন রানিগঞ্জ বিজেপি মণ্ডলের প্রধান শমসের সিং ও নেতা রবি কেশরী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনা হয় এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা সম্পর্কে জানানো হয়।
মনোজ ওঝা বলেন, মানুষ এখন উন্নয়ন চায় এবং কেন্দ্রীয় প্রকল্পের সরাসরি উপকার তারা পাচ্ছেন। তিনি দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে এবং সাধারণ মানুষের সমর্থন তাদের পক্ষেই রয়েছে।
এর পাশাপাশি ৩৪ নম্বর ওয়ার্ডের আম্রসোটার বিভিন্ন বুথেও ঘরে ঘরে প্রচার চালানো হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর খোলা চিঠির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রচারের সময় মনোজ ওঝা জানান, বিজেপি সরকার গঠিত হলে মহিলাদের মাসে ₹৩০০০ ভাতা, আয়ুষ্মান কার্ডের মাধ্যমে ₹৫ লক্ষ পর্যন্ত চিকিৎসা এবং গরিবদের জন্য পাকা ঘর নির্মাণে সহায়তা দেওয়া হবে।
দলীয় নেতৃত্বের মতে, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই এই কর্মসূচির মূল লক্ষ্য। রানিগঞ্জে আগামী দিনগুলোতে এই প্রচার আরও জোরদার করা হবে।









