ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: বর্ধমান শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত অফিসার্স কলোনিতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভর বিকেলে একটি বাড়িতে সদস্যদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে চারজন দুষ্কৃতী হানা দেয়। বাড়ির পিছনের একটি কাঁঠাল গাছ বেয়ে তারা অনায়াসেই দোতলায় উঠে পড়ে। এরপর একাধিক দরজার ছিটকিনি ভেঙে দুষ্কৃতীরা সোজা শোবার ঘরে প্রবেশ করে। আলমারির লকার ভেঙে প্রায় ১২ থেকে ১৫ ভরি সোনার গহনা এবং নগদ ৭৫ হাজার টাকা লুঠ করে তারা চম্পট দেয়। এই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


ক্ষতিগ্রস্ত বাড়ির গৃহকর্তা উৎপল চক্রবর্তী জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। তাঁর স্ত্রী বাজারে গিয়েছিলেন, তিনি নিজে চিকিৎসকের কাছে এবং ছেলে অফিসে ছিলেন। পুত্রবধূও বাপের বাড়িতে ছিলেন। এই শূন্যতার সুযোগকেই হাতিয়ার করে দুষ্কৃতীরা। উৎপলবাবু আক্ষেপের সুরে বলেন, ‘বিগত ৪০ বছরে এই এলাকায় এমন নজিরবিহীন ঘটনা ঘটেনি। আমার সারা জীবনের সঞ্চয় নিমিষেই শেষ হয়ে গেল। পুলিশ যেন দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করে।’

স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, এই ঘটনার নেপথ্যে পরিবারের ঘনিষ্ঠ বা পরিচিত কারও হাত থাকতে পারে। কারণ, বিকেলবেলায় বাড়িতে যে কেউ থাকবে না, এই তথ্য দুষ্কৃতীদের কাছে আগাম ছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুষ্কৃতীরা একটি বাইকে করে এসেছিল এবং তাদের কারও মুখ ঢাকা ছিল না। অপারেশন চলাকালীন তারা নির্বিঘ্নে ঘরের আলো ও পাখা চালিয়ে রেখেছিল। সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ গৃহকর্ত্রী ফিরে এসে ওপরের ঘরে আলো জ্বলতে দেখে বিষয়টি নজরে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন এবং পুলিশ দ্রুত অপরাধীদের চিহ্নিত করার আশ্বাস দিয়েছে।








