ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: এসআইআরের শুনানিতে ৭ নম্বর ফর্ম জমা নেওয়া কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের জেলাশাসককরণ চত্বরে। তৃণমূল ও বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনার পারদ বাড়তেই ঘটনাস্থলে চলে আসে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু উত্তেজনা এতটাই বেড়ে যায় যে পুলিশের সঙ্গেই ধস্তাধস্তি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা।

বিজেপির অভিযোগ, ৭ নম্বর ফর্ম জমা নিচ্ছেন না বর্ধমান উত্তর মহকুমাশাসক রাজর্ষি নাথ। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, বিজেপি কর্মী সমর্থকরা মহকুমাশাসকের দপ্তরে শুনানি চলার সময় অশান্তি পাকানোর চেষ্টা করেছে। তৃণমূল তাতে বাধা দিয়েছে। পুলিশ প্রথমে দুপক্ষকেই বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও বিজেপির পক্ষ থেকে উত্তেজিত কয়েকজন পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু করে দেয়।
এমনকি কর্তব্যরত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও হাতাহাতিও করে ফেলে তারা। এরপরই পুলিশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপক্ষকেই এলাকা থেকে বের করে দেওয়া হয়। পরে বিশাল র্যাফ বাহিনী মোতায়েন করা হয়েছে জেলাশাসককরণ চত্বরে।








