---Advertisement---

Auto Image Slider

বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, সম্পত্তির লোভে খুনের অভিযোগ আত্মীয়দের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: কয়েকদিন ধরেই প্রতিবেশী দম্পতির বাড়ির বাইরে তালা ঝোলানো ছিলো। পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনেরা ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও হতাশ হয়েছিলেন। অবশেষে বাড়ির ভিতর থেকে পচা গন্ধ পেয়ে ভাতার থানার পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বাইরের তালা ভেঙে ভিতর থেকে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করলো মঙ্গলবার। মৃত দম্পতির আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশীদের অধিকাংশই এটি খুনের ঘটনা বলেই দাবি করেছেন। পাশাপাশি পুলিশ মৃতদেহ উদ্ধারের পর একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সুপার সায়ক দাস ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ’প্রাথমিকভাবে এটি খুনের ঘটনা বলেই মনে করা হচ্ছে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। বয়স্ক একজন মহিলা ও পুরুষের দেহ উদ্ধার হয়েছে তাদের নিজের বাড়ির ভিতর থেকে। ঘরের ভিতর জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় ছিল। দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’ যদিও মৃত দম্পতির আত্মীয়দের দাবী, সম্পত্তির লোভে লুটপাট করে খুন করা হয়েছে দম্পতিকে।

মৃত দম্পতির বাড়ি ভাতারের রবীন্দ্রপল্লী এলাকায়। মৃত দম্পতির নাম অভিজিৎ যশ ও তাঁর স্ত্রী ছবি যশ। জানা গেছে, গত শুক্রবার বোনের সঙ্গে শেষবার কথা হয় ছবি যশের। তারপর থেকে আর কারো সাথে যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন আত্মীয়রা। জানা গেছে, অভিজিৎ বাবুর কোন সন্তান নেই। শুক্রবারের পর আত্মীয়দের সাথে আর কোন যোগাযোগও হয়নি। মঙ্গলবার সকালে ছবি যশের ছোট বোনের নাতি বাড়িতে খোঁজ করতে এলে বাড়ির বাইরে তালা বন্ধ দেখতে পায়। তাদের সন্দেহ হওয়ায় তারা ভাতার থানার পুলিশের সাথে যোগাযোগ করে। পুলিশ এসে ঘরের তালা ভাঙলে রান্নাঘরের মেঝেতে ছবি যশের মৃতদেহ পরে থাকতে দেখে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। পাশে একটি বালিশ পরে ছিল। শোবার ঘরের মেঝে থেকে অভিজিৎ যশের উবুর হয়ে পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করা হয়।

See also  বর্ধমানে বিগ বাজার এলাকায় যানজট মোকাবিলায় কড়া পদক্ষেপ জেলা ট্রাফিক পুলিশের,আটক ১৩টি বাইক

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে আলমারি ভাঙা অবস্থায় ছিল এবং পুরো ঘর লণ্ডভণ্ড অবস্থায় ছিল। আত্মীয়দের অনুমান, সম্পত্তির লোভেই এই দম্পতিকে পরিকল্পনা মাফিক খুন করেছে পরিচিত কেউ বা কারা। খুন ও লুটপাট করার পর সদর দরজা ও ঘরের দরজায় দুষ্কৃতীরা নতুন তালা লাগিয়ে দিয়ে যায়। এই ঘটনায় এলাকার মানুষজন চরম আতঙ্কে রয়েছে। পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় পুলিশ মোতায়েন করার আবেদন জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---