---Advertisement---

Auto Image Slider

রায়নায় আলু তোলার কাজে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের, হাসপাতালে জখম ২১ জন শ্রমিক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। রবিবার সকালে রায়নার হিজলনা অঞ্চলের জাকতা এলাকায় আলু তোলার কাজে আসা শ্রমিকবোঝাই একটি ট্রাক্টর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই মর্মান্তিক ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ও সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে মোট ২২ জন শ্রমিকের একটি দল রায়নায় কৃষি কাজ অর্থাৎ আলু তোলার জন্য এসেছিলেন। রবিবার সকালে হিজলনা থেকে জাকতা যাওয়ার পথে জাকতা শ্মশানের নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ট্রাক্টরটি সজোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে শ্রমিকরা তার তলায় চাপা পড়েন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার শব্দ শুনে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই প্রাথমিক উদ্ধারকার্য শুরু করেন এবং আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ৬০ বছর বয়সী মনোরঞ্জন মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ওই শ্রমিকের বাড়ি হাসনাবাদ এলাকায় বলে শনাক্ত করা হয়েছে। বাকি ২১ জন শ্রমিকের চিকিৎসা বর্তমানে ওই হাসপাতালেই চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে পরিবারের অন্নের সংস্থান করতে এসে এমন প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হিজলনা ও জাকতা গ্রাম জুড়ে।

ঘটনাটি বর্তমানে পুলিশের তদন্তাধীন রয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অভিযোগ, চালক ট্রাক্টরটি অত্যন্ত দ্রুত গতিতে চালাচ্ছিলেন, যার ফলে জাকতা শ্মশানের মোড়ে ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়নি। এই নির্দিষ্ট রাস্তায় দ্রুত গতির যানের চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। রায়না থানার পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে এবং চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। আলু চাষের মরসুমে প্রতি বছরই সুন্দরবন ও পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর শ্রমিক বর্ধমানের গ্রামগুলোতে আসেন। এই শ্রমিকদের যাতায়াতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও গুরুতর প্রশ্ন উঠে গেল রবিবারের এই মর্মান্তিক দুর্ঘটনার মধ্য দিয়ে। প্রশাসন নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে।

See also  ট্রাফিক বিধিনিষেধ নিয়ে বর্ধমান শহরে নাগরিক সচেতনতা পুলিশের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---