---Advertisement---

Auto Image Slider

জাতীয় সড়ক কি মরণফাঁদ? নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে রাজপথে শাসক দল, জামালপুরে জাতীয় সড়ক অবরোধ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: রাজ্যের অন্যতম প্রধান সংযোগকারী ১৯ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা এবং গতকাল বুধবার রাস্তার একটি গুরুত্বপূর্ণ অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকাল থেকেই জামালপুর সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা। বুধবার সকালে মেমারির সরডাঙা এলাকায় জাতীয় সড়কের গার্ডওয়ালের সঙ্গে মূল সড়কের একটি বড় অংশ আচমকা ধসে পড়ে। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটলেও যে কোনো সময় প্রাণহানির সম্ভাবনা ছিল প্রবল।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি মেরামতির সময় অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। জাতীয় সড়ক কর্তৃপক্ষের নজরদারির অভাবেই ঠিকাদার সংস্থা অত্যন্ত দায়সারাভাবে কাজ শেষ করেছে। অল্প কয়েক দিনের মধ্যেই মূল সড়ক ধসে পড়ার ঘটনাটি সেই নিম্নমানের কাজেরই প্রমাণ বলে দাবি করছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এদিন রাস্তা অবরোধের জেরে দু’দিকে লরি, বাস ও ছোট গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার বাস যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে এই রাস্তাটিকে বিজ্ঞানসম্মতভাবে দ্রুত মেরামত করতে হবে এবং দোষীদের চিহ্নিত করতে হবে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানচলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, এই বিষয়টি বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরের নিকট তদন্তাধীন রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে পরিকাঠামোগত ত্রুটির কথা স্বীকার না করা হলেও, স্থানীয় নেতৃত্ব কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন। এই বিপর্যয়ের পিছনে দুর্নীতির হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জোরালো হচ্ছে। আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও, মেরামতির কাজ যথাযথভাবে না হলে পুনরায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস।

See also  সংগঠিত খুনের ঘটনার ১৩বছর পর ৯ জন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বর্ধমান আদালতের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---