---Advertisement---

পুজোর মুখে কর্মী ছাঁটাই! ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ, বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি শ্রমিক সংগঠনের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: চারদিকে ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়েগেছে, আর তার আগেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর — চাকরি হারানোর মুখে ১৯ নম্বর জাতীয় সড়কে কর্মরত প্রায় আড়াইশো শ্রমিক! আর সেই ক্ষোভেই শুক্রবার সকালে উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমানের পালসিট সংলগ্ন জাতীয় সড়ক। কিছুক্ষণের জন্য রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শ্রমিক সংগঠনের সদস্যরা।

বিজ্ঞাপন

ডানকুনি থেকে পালসিট পর্যন্ত বিস্তৃত ১৯ নম্বর জাতীয় সড়ক পরিচালনার দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা আই.আর.বি ইনফ্রাস্ট্রাকচার। আর এই সংস্থার অধীনেই দীর্ঘ চার বছর ধরে কাজ করছিলেন বহু শ্রমিক। কিন্তু পুজোর ঠিক আগে আচমকাই শুরু হয় ছাঁটাই! সূত্র অনুযায়ী, পরপর দু’দিনে প্রায় ৩০ জন শ্রমিককে ছাঁটাই করেছে সংস্থা। বাকিরাও আশঙ্কায় দিন কাটাচ্ছেন—এই বুঝি পড়ল বিদায়ঘণ্টা!

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শ্রমিক সংগঠনের নেতৃত্বে বিক্ষোভে ফেটে পড়ে কয়েকশো শ্রমিক। জামালপুর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলি মন্ডলের নেতৃত্বে চলা এদিনের বিক্ষোভে মুহুর্মুহু স্লোগান ওঠে—“ছাঁটাই নয়, কাজ চাই!”, “পুজোর আগে শ্রমিক ছাঁটাই কেন”? কিছুক্ষণ অবরোধ চলার পর ডেপুটেশন জমা দেওয়া হয় সংস্থার দপ্তরে।

জামালপুর ব্লক শ্রমিক সংগঠন এর সভাপতি তাবারক আলি জানান, “যাদের ছাঁটাই করা হচ্ছে, তারা কেউ এক-দু’দিন নয়—চার বছর ধরে কাজ করছেন। অথচ কোনও আগাম নোটিশ ছাড়াই কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে ‘তোমাদের কাজ শেষ’। এটা অন্যায়। আমরা চাই, এই ছাঁটাই অবিলম্বে বন্ধ হোক। আর যদি ছাঁটাই করতেই হয়, তাহলে সরকার নির্ধারিত নিয়ম মেনে তিন মাসের অগ্রিম বেতন, বোনাস, ইএসআই ও পিএফ বুঝিয়ে দিতে হবে”।

যদিও ছাঁটাইয়ের পেছনে আঙুল উঠছে সংস্থার দুই ম্যানেজার, ‘মুন্না’ ও ‘চ্যাটার্জি বাবু’র দিকে। অভিযোগ, তাঁরাই দিন দশেক ধরে একে একে পুরনো শ্রমিকদের ‘বিদায়’ জানাচ্ছেন। শ্রমিকদের দাবি, পুজোর ঠিক মুখে এমন ছাঁটাই মানা যায় না। তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে ইউনিয়ন নেতৃত্ব। সংস্থা যদি শ্রমিকদের দাবি না মানে তাহলে আন্দোলন আরও বৃহত্তর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তারা।

See also  ভোট মিটতেই ব্লক সভাপতি ও বিধায়ক ঘনিষ্ট নেতার বাকযুদ্ধে সরগরম রায়না, সিঁদুরে মেঘ দেখছেন এলাকাবাসী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---