ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: বছরের শেষে শীতের জোরদার কামড় দেখা গেলেও বর্ধমান রমনাবাগানে অন্যান্য বছরের মতো সেভাবে পর্যটক দেখা গেল না। বছরের প্রথম দিন পর্যটকের সংখ্যা বাড়লেও, বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত দর্শকের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কমেছে বলে বর্ধমান বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বছরের প্রথম দিনে রমনাবাগানে পর্যটকের সংখ্যা ছিল প্রায় ৫ হাজার জন। অন্যদিকে, ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রমনাবাগানে মোট ১০ হাজার ২০৭ জন পর্যটক এসেছে বলে জানা গিয়েছে। যা গত বছরের তুলনায় ৩০ শতাংশ কম বলে জানা গিয়েছে।

এরমধ্যে, বছরের প্রথমদিন ৪ হাজার ৩৪০ জন প্রাপ্ত বয়স্ক ও ৭৭৩ জন শিশু রমনাবাগানে এসেছে বলে জানা গিয়েছে। অর্থাৎ, একদিনের মধ্যে পর্যটকের সংখ্যা পাঁচ হাজার ছাপিয়ে গেলেও ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মেরে কেটে পাঁচ হাজার দর্শক মিলেছে। অথচ, বছরের এই সময়েই সব থেকে বেশি পর্যটকের আগমন ঘটে রমনাবাগানে। তাহলে এবছর রমনা বাগানে দর্শকের সংখ্যা কম হওয়ার কারণ কি ?
বন দফতর কর্তৃপক্ষের মনে করছে, এবছর ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি দুটোই সপ্তাহের বৃহস্পতিবার পড়েছে। বর্ধমান রমনাবাগান জুলজিক্যাল পার্ক সপ্তাহের মধ্যে প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। যারা ছুটির দিনে রমনাবাগানে আসেন তাদের বেশিরভাগই জেলার বাইরে থেকে আসেন। আর বৃহস্পতিবার রমনা বাগান বন্ধ থাকার বিষয়টি সকলেই জানেন। কাজেই বৃহস্পতিবার রমনাবাগান বন্ধ আছে মনে করে অনেকেই আসেননি। এই কারণেই এবছর পর্যটকের সংখ্যা কম হয়েছে বলে মনে করছে বন দফতর। যদিও, বিভাগীয় বনাধিকারিক সঞ্চিতা শর্মা আশা প্রকাশ করেছেন, এবছর শীত বেশ জাঁকিয়ে পড়েছে, আর বৃহস্পতিবারও এখন পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী কয়েকদিন পশুপ্রেমী পর্যটক আগমনের সংখ্যা অন্যান্যবারের তুলনায় এবার আরো বেশ কিছুটা বাড়বে বলেও মনে করা হচ্ছে।









