---Advertisement---

কোটি টাকার দুর্নীতি থেকে বালির খাদ ও টোল প্লাজার তোলাবাজি! মেমারিতে তৃণমূল বাঁচাও কমিটির পোস্টার ঘিরে তোলপাড়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই পূর্ব বর্ধমানের মেমারিতে শাসকদলের অন্দরের কোন্দল ফের প্রকাশ্যে। সোমবার শহরের বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ‘তৃণমূল বাঁচাও কমিটি’র নামে দেওয়া এই পোস্টারগুলিতে অবৈধ জমি বিক্রি থেকে শুরু করে, বালি খাদান ও টেন্ডার দুর্নীতির মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

বিজ্ঞাপন

পোস্টারগুলিতে পুরসভার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলির মধ্যে অন্যতম হল, পুরসভার চেকপোস্টের ঘর লক্ষাধিক টাকায় বিক্রি, টেন্ডার ছাড়াই রাতের অন্ধকারে শহরের গাছ কেটে ফেলা এবং সংখ্যালঘু তহবিলের টাকায় নির্মিত আরবান মার্কেটের দোকান বন্টনে চরম অনিয়ম। এছাড়াও, পিডব্লিউডি এবং ডিভিসি-র জমিতে অবৈধ নির্মাণ ও সেই ঘর বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে স্থানীয় নেতা স্বপন বিষয়ী ও সুপ্রিয় সামন্তের বিরুদ্ধে। আলপনা বাগ নামক এক ব্যক্তিকে বর্ধমানের আলিশাতে কোটি টাকার বাড়ি তৈরি করে দেওয়ার নেপথ্যে বড়সড় আর্থিক লেনদেনের বিষয়টিও পোস্টারে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, মেমারি-১ ব্লকের নেতৃত্বকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আবাসন প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে ২০ হাজার টাকা করে গ্রহণ, কলানবগ্রাম ক্যাম্পাসের দুষ্প্রাপ্য রক্তচন্দন গাছ চুরি এবং ১০টি গ্রাম পঞ্চায়েতের গাছ বিনা টেন্ডারে বিক্রির অভিযোগ উঠেছে নিতাই ব্যানার্জির বিরুদ্ধে। এমনকি স্থানীয় বিধায়ক মধু বাবু এবং নিতাই ব্যানার্জির বিরুদ্ধে পলসীট টোল প্লাজা ও মালঞ্চ পার্ক থেকে নিয়মিত অবৈধভাবে টাকা তোলার এবং শ্রমিকদের বেতনের এগ্রিমেন্টে হস্তক্ষেপ করার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে পোস্টারে। অভিযোগ জানানো হয়েছে, পল্লা এলাকায় একাধিক বেআইনি বালি খাদান ২০ পার্সেন্ট ভাগে কিভাবে চালু হলো নিতাই ব্যানার্জি জবাব দাও।

নির্বাচনের মুখে খোদ দলের বিধায়ক ও শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এহেন পোস্টার পড়ায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে অস্বস্তি বেড়েছে। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিষয়টি অস্বীকার করেছেন এবং এটিকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন। তবে ‘তৃণমূল বাঁচাও কমিটি’র আড়ালে দলেরই বিক্ষুব্ধ অংশ কাজ করছে কি না, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে জল্পনা তুঙ্গে। বিষয়টি বর্তমানে দলের উচ্চ নেতৃত্বের তদন্তাধীন রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

See also  বর্ধমানে বালি খাদান খোলার ৪৮ ঘন্টার মধ্যেই প্রশাসনের অভিযান, বেনিয়মের অভিযোগ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---