---Advertisement---

Auto Image Slider

মেমারিতে ভারী গাড়ি থেকে ব্যাটারি চোর চক্রের পর্দা ফাঁস, পুলিশের জালে বর্ধমানের দুই যুবক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা এলাকায় গত কয়েকদিন ধরেই জাতীয় সড়কের পার্শ্ববর্তী সার্ভিস রোডগুলিতে দাঁড়িয়ে থাকা ট্রাক ও ডাম্পার থেকে ব্যাটারি চুরির অভিযোগ আসছিল। স্থানীয় ট্রাক চালক ও মালিকদের পক্ষ থেকে বেশ কিছু মৌখিক অভিযোগ পাওয়ার পর থেকেই মেমারি থানার পুলিশ বিশেষ সতর্কতা অবলম্বন করে। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকাগুলোতে কড়া নজরদারি শুরু করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশি অভিযানে সাফল্য মিলেছে। দুর্ঘটনাকবলিত একটি ট্রাক থেকে ব্যাটারি চুরির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ সোহেল (২২) এবং শেখ বসির (১৮)। সোহেল কৃষ্ণপুর মসজিদতলার বাসিন্দা এবং বসিরের বাড়ি কৃষ্ণপুর ফকিরবাগান এলাকায়। অভিযুক্ত দুজনেই বর্ধমান থানা এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা তাদের অপরাধ কবুল করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মোট ০৬টি ভারী যানবাহনের ব্যাটারি উদ্ধার করতে সক্ষম হয়েছে। অপরাধের কাজে ব্যবহৃত একটি টোটোও বাজেয়াপ্ত করা হয়েছে।

মেমারি থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চক্রের সাথে আরও বেশ কিছু ব্যক্তি বা বড় কোনো চক্র জড়িত থাকতে পারে। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার নেপথ্যে থাকা মূল মাথাদের হদিশ পাওয়া এবং আরও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করাই এখন মূল লক্ষ্য। এই গ্রেফতারির ফলে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় লরি চালকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। পুরো বিষয়টি বর্তমানে পুলিশের কড়া নজরদারিতে তদন্তাধীন রয়েছে।

See also  বর্ধমানে বিষ দিয়ে পায়রা মারার ঘটনায় ফরেন্সিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করলো পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---