ফোকাস বেঙ্গল ডেস্ক, মাধবডিহী: পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকের গোতান অঞ্চলের কামারহাটি গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থেকে ৬ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই মাধবডিহি থানার পুলিশ হালিম মজুমদার ওরফে ‘টিয়া’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার, ২র জুন, ২০২৬ তারিখে তাকে বর্ধমান আদালতে তোলা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, কামারহাটি গ্রামের বাসিন্দা তাপস বাগ মাধবডিহি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি জানান, এলাকার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ভিতরে গুলি মজুত থাকতে পারে বলে তাঁর সন্দেহ। এই অভিযোগের ভিত্তিতেই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। রায়না-১ ব্লকের বিডিও শুভাশীষ রায় (ম্যাজিস্ট্রেট হিসেবে) এবং মাধবডিহি থানার ওসি রাজেশ মাহাতোর নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশ পার্টি অফিসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি চালিয়ে ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান রায়নার বিধায়ক সুভাষ পাত্র। তিনি এই ঘটনাকে কেন্দ্র করে এক বিস্ফোরক দাবি করে বলেন, “৪ তারিখে যদি তৃণমূল ক্ষমতায় আসত, তাহলে রায়নায় একাধিক খুনের ঘটনা ঘটতে পারত।” একইসঙ্গে তিনি রায়না-২ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে খুঁজে বের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, যে পার্টি অফিস থেকে গুলি উদ্ধার হয়েছে, সেটি প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত।

উদ্ধার হওয়া গুলিগুলি কীভাবে সেখানে এল, কারা সেগুলি মজুত রেখেছিল এবং এর পিছনে অন্য কোনও বড় যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মাধবডিহি থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। ধৃতকে হেফাজতে নিয়ে আরও বিস্তারিত তথ্যের সন্ধানে রয়েছে পুলিশ।








