---Advertisement---

Auto Image Slider

সোনার দোকানে চুরির ঘটনায় অন্তরাজ্য বাইক গ্যাংয়ের চার দুষ্কৃতী গ্রেপ্তার, উদ্ধার নগদ সহ বিপুল সামগ্রী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত উচালন পঞ্চায়েত বাজারে একটি গয়নার দোকানে চুরি কাণ্ডে বড়সড় সাফল্য পেল পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আন্তঃজেলা বাইক গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি অটো পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, নগদ ২ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ রুপোর গয়না এবং চুরির কাজে ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জাম উদ্ধার হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই ২০২৬ তারিখে মাধবডিহি থানার অন্তর্গত উচালন পঞ্চায়েত বাজারে অবস্থিত প্রশান্ত দাসের ‘সিদ্ধেশ্বরী জুয়েলার্স’ দোকানে চুরির ঘটনা ঘটে। অভিযোগকারী প্রশান্ত দাস জানান, ওইদিন সকাল প্রায় ১০টা ১০ মিনিটে তিনি দোকান খুলে গয়না ভর্তি দুটি ব্যাগ চেয়ারে রেখে বাইরে আবর্জনা ফেলতে যান। এই সুযোগে এক ব্যক্তি দোকানে ঢুকে ব্যাগ দুটি নিয়ে পালিয়ে যায়। দোকানের বাইরে একটি সাদা মোটরসাইকেলে অপেক্ষারত তার এক সহযোগী তাকে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। মাধবডিহি থানার পুলিশ এই ঘটনা সংক্রান্ত একটি মামলা (মামলা নং ১৮৯/২৬, তারিখ ২৫ জুলাই ২০২৬, ভারতীয় ন্যায় সংহিতা ৩০৩(২)/৩(৫) ধারায়) রুজু করে তদন্ত শুরু করে।

তদন্তের প্রথম ধাপে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে যে, এই চুরির ঘটনায় চার ব্যক্তি জড়িত ছিল। তারা হুগলি জেলার তারকেশ্বর থানার চাঁপাডাঙা দিক থেকে দুটি বাজাজ পালসার মোটরসাইকেলে (একটি সাদা ও একটি লাল রঙের) এসে চুরি করে পালিয়েছিল। ফুটেজ বিশ্লেষণ করে এবং প্রযুক্তিগত সহায়তায় মাধবডিহি থানার তদন্তকারী দল গত শনিবার অর্থাৎ ১ আগস্ট রাতে চাঁপাডাঙায় অভিযান চালায়। যদিও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্তরা কয়েক দিন আগেই সেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে।

এরপর স্থানীয় অনুসন্ধান এবং এসওজি সেলের (Special Operations Group) সহায়তায় উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো— কাওয়াড়ি মঞ্জুনাথ, অজয় দাস, ত্রিনাথ দাস এবং সীতারাম দাস। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চারজনেরই বাড়ি উড়িষ্যা রাজ্যের জাজপুর জেলার কোরাই থানার পূর্বাকোট এলাকায়। তাদের আন্তঃরাজ্য যোগসূত্র স্পষ্ট।

See also  বেহাল রাস্তা সারাইয়ের দাবি গ্রামবাসীদের

ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি অটো পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, বেশ কিছু পরিমাণ রুপোর চেন, বালা, পায়েল, আংটি সহ অন্যান্য মূল্যবান গয়না। এছাড়াও, নগদ ২ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা, মোটরসাইকেলের লক ভাঙার জন্য তৈরি একটি স্টেইনলেস স্টিলের মাস্টার কি, চুরি কাজে ব্যবহৃত দুটি বাজাজ পালসার মোটরসাইকেল, গয়নার ওজন মাপার একটি পোর্টেবল মেশিন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

পুলিশের দাবি অনুযায়ী, প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করেছে যে, তারা চুরি করা সোনার গয়না বিভিন্ন স্বর্ণালঙ্কারের দোকানে বিক্রি করে নগদ টাকা আদায় করত। তদন্তকারী আধিকারিকদের অনুমান, এই সক্রিয় চক্রটি গত এক মাসে হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় সংঘটিত একাধিক চুরি ও দুষ্কর্মের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ ধৃতদের ৫ দিনের রিমান্ডে পেয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত আরও সদস্যদের খোঁজে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। এই গ্রেপ্তারের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘটিত হওয়া বেশ কিছু চুরির ঘটনার রহস্য উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---