ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: পূর্ব বর্ধমানের জামালপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় আজ বৃহস্পতিবার মৃত্যু হয়েছে একজনের। এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন, যাদের মধ্যে একজনের একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাতীয় সড়কে প্রথমে একটি মাছবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর, সেই দৃশ্য দেখতে বা সাহায্য করতে যাওয়া অন্যান্য যানবাহনকে একটি বেপরোয়া ডাম্পার পিছন থেকে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে বর্ধমানমুখী একটি মাছবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার মাঝখানে উল্টে যায়। এতে গাড়ির চালক গুরুতর আহত হন এবং রাস্তায় মাছ ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার ফলে সার্ভিস রোড দিয়ে যাওয়া একটি টোটো ও স্কুটি ঘটনাস্থলে দাঁড়িয়ে যায়। একই সময়ে, বিপরীত দিক থেকে আসা একটি চারচাকা গাড়ির চালকও সাহায্য করার জন্য গাড়ি ঘুরিয়ে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি বেপরোয়া ডাম্পার দাঁড়িয়ে থাকা টোটো, স্কুটি ও চারচাকা গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় চারচাকা গাড়িটি ছিটকে নয়ানজুলিতে পড়ে যায়।
দুর্ঘটনার পরই দ্রুত অ্যাম্বুলেন্স ও বাইকের মাধ্যমে আহত মোট আটজনকে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। টোটোয় থাকা বেশ কয়েকজন যাত্রীও গুরুতর জখম হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানোর পাশাপাশি জামালপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।









