---Advertisement---

Auto Image Slider

মেমারিতে মদের দোকান সহ একের পর এক দোকানে চুরি, শহরে রাতের নিরাপত্তা নিয়েই প্রশ্ন!

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: বুধবার গভীররাতে মেমারী স্টেশন রোডে পর পর একাধিক দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতকারীরা শুধুমাত্র নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুঠ করেই ক্ষান্ত হয়নি, চুরি করা মদ ও ফলের দোকানে থেকে নেওয়া কিসমিস, খেজুর পুকুর পাড়ে বসে পান করেছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় শহরের রাতের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্টেশন রোডের দুটি মদের দোকান, একটি স্টেশনারী দোকান ও একটি ফলের দোকানে এই চুরির ঘটনা ঘটেছে। প্রকাশ্যে এসেছে সিসি ক্যামেরার ফুটেজও। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এবং স্টেশন সংলগ্ন এমন জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলছে।

মদের দোকানের মালিক কিশোর সাধুখাঁ জানিয়েছেন, রাত্রি ২টো নাগাদ দোকানের পিছনের দরজা ভেঙে দুষ্কৃতকারীরা প্রবেশ করে। ক্যাশ বাক্সে রাখা প্রায় লক্ষাধিক টাকা ও দুটি দামী মদের বোতল নিয়ে তারা চম্পট দেয়। অন্য একটি মদের দোকানের ম্যানেজার সৌম্যনীল বসু জানান, তার দোকানের তালা ভেঙে প্রায় ৩ লক্ষ টাকা এবং বেশ কয়েকটি মদের বোতল লুঠ করা হয়েছে।

পাশ্ববর্তী স্টেশনারী দোকানের মালিক সমীর মন্ডল জানিয়েছেন, তার দোকানের শাটার ভেঙে প্রায় ৩০ হাজার টাকা নগদ সহ কিছু সামগ্রী নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, স্টেশন রোডের একটি ফলের দোকানের মালিক শম্ভু সাউ অভিযোগ করেন, তার দোকান থেকে একটি কিসমিসের ও একটি খেজুরের জার চুরি হয়েছে। সকালে স্থানীয় পুকুর পাড় থেকে কিসমিসের জারটি তিনি উদ্ধার করেছেন। স্থানীয়দের অনুমান, চুরি করা মদের সাথে পান করার জন্যই চোরেরা কিসমিস ও খেজুর নিয়ে গিয়েছিল।

শহরের প্রাণকেন্দ্রে একের পর এক দোকানে এই লুঠের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। মেমারী থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

See also  বর্ধমানে রেশনের চাল বিক্রির দায়ে আটক মুদির দোকানদার, তীব্র চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---