ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: উৎসবের মরসুমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে চরম তৎপরতা দেখা গেল পূর্ব বর্ধমানের জামালপুরে। দুর্গাপুজো ও কালীপুজো মিটতেই ভাইফোঁটার ঠিক আগের রাতে জামালপুর বাজারে অতর্কিত অভিযান চালাল ব্লক প্রশাসন ও পুলিশ। কালীপুজোর পর থেকেই বিভিন্ন এলাকায় চিনির দাম চড়ছে এমন খবর পাওয়ার পরেই প্রশাসনিক সক্রিয়তা বাড়ে।

ভাইফোঁটার আগের রাতে জামালপুরের ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) পার্থসারথী দে এবং জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) পঙ্কজ নস্কর সশরীরে বাজার পরিদর্শন করেন। তাঁরা জামালপুর বাজারের একাধিক চাল ও মুদির দোকানে খতিয়ে দেখেন, কোথাও অতিরিক্ত দামে চিনি বিক্রি হচ্ছে কি না, কিংবা গুদামে বেআইনিভাবে চিনি মজুত করে কৃত্রিম সংকট বা কালোবাজারি তৈরি করা হচ্ছে কি না।
অভিযান চলাকালীন আধিকারিকরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা উভয়ের সঙ্গেই কথা বলেন। ক্রেতারা ন্যায্য দামে চিনি কিনতে পারছেন কি না এবং ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যে বিক্রি করছেন কি না, তা সরাসরি যাচাই করা হয়। ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যেই চিনি পৌঁছে দিতে হবে।

বাঙালির দৈনন্দিন জীবনে চিনির গুরুত্ব অপরিসীম। চা থেকে শুরু করে উৎসবের মিষ্টিতে এর ব্যবহার অনস্বীকার্য। তাই উৎসবের আবহে চিনির দাম বাড়লে সাধারণ মানুষের উপর ব্যাপক চাপ পড়ে। যদিও জামালপুরের বিভিন্ন দোকানে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর আধিকারিকরা কিছুটা স্বস্তি পেয়েছেন। বর্তমানে জামালপুর বাজারে প্রতি কেজি চিনি ৬৫ থেকে ৬৬ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে এবং এখনও পর্যন্ত বেআইনি কালোবাজারি বা মজুতদারির কোনো প্রমাণ মেলেনি।
তবে ভাইফোঁটার মুখে বা পরবর্তী সময়ে কেউ যাতে অযথা দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা লুটতে না পারে, তার জন্য জামালপুর ব্লক প্রশাসন ও পুলিশের তরফ থেকে কড়া নজরদারি জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডিও পার্থসারথী দে এবং ওসি পঙ্কজ নস্কর সতর্কবার্তা দিয়েছেন যে, ভবিষ্যতেও এই ধরনের অতর্কিত পরিদর্শন চলবে এবং চিনির দামে কোনো কারচুপি বা কালোবাজারির অভিযোগ পেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।








