ফোকাস বেঙ্গল ডেস্ক, খন্ডঘোষ: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর গ্রামে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার পুজো উপলক্ষে দুই দিনব্যাপী আনন্দ উৎসবের পর আজ, মঙ্গলবার (১০ নভেম্বর, ২০২৬) মহা ধুমধামে অন্নকূট পরিষেবা অনুষ্ঠিত হলো। প্রতি বছরের ন্যায় এবারও পুজোর একদিন পর এই মহা আয়োজনে প্রায় ৫০০০ মানুষ মায়ের প্রসাদ গ্রহণ করলেন। গ্রামবাসী সহ পার্শ্ববর্তী তিন-চারটি গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে এক নতুন মাত্রা দিয়েছে।

গ্রামের এক ব্যবসায়ী নিজস্ব উদ্যোগে এই অন্নকূট পরিষেবার আয়োজন করেন। গ্রামের বাসিন্দা ছোট্টু হড় জানান, প্রতি বছরই বহু মানুষ এই প্রসাদ গ্রহণের জন্য ভিড় জমান। এই বছরের পুজোর মূল আকর্ষণ ছিল একটি নামিদামি ব্যান্ড কোম্পানির মনোমুগ্ধকর বাদ্যযন্ত্র পরিবেশনা, যা পুজো থেকে আজ মঙ্গলবার পর্যন্ত এলাকাবাসীকে মুগ্ধ করে রেখেছিল। ওই ব্যবসায়ী অঙ্গীকার করেছেন, যতদিন তিনি বেঁচে থাকবেন, মায়ের পুজো এবং অন্নকূট পরিষেবা চালু রাখবেন, গ্রাম ও এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য।








