---Advertisement---

Auto Image Slider

অনুব্রত মন্ডলকে ফোনে অশ্লীল গালিগালাজ ও প্রাণনাসের হুমকি, গ্রেপ্তার গুসকরার তৃণমূল নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গুসকরা: বীরভূমের তৃণমূল জেলা সভাপতি দৌর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে খুনের হুমকি দেবার অভিযোগে আউশগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করল গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। 

বিজ্ঞাপন

খোদ নিত্যানন্দবাবুর অভিযোগ, তিনি অনুব্রত মণ্ডলকে তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য ২০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সেই টাকা তিনি পরিশোধ করছেন না। বারবার তিনি টাকা চেয়েছেন কিন্তু পাননি। আর এই টাকা ফেরত চাওয়াতেই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। যদিও পুলিশ সূত্রে জানা গেছে, নিত্যানন্দবাবু তাঁর মোবাইল ফোন থেকে অনুব্রত মণ্ডলকে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অশ্লীলভাষায় গালিগালাজ করেন। এমনকি টাকা না দিলে গুলি করে তাঁকে খুন করার হুমকিও দিয়েছেন।

 অভিযোগ উঠেছে, নিত্যানন্দবাবুর এই মোবাইল ভয়েস রীতিমত সোস্যাল মিডিয়ায় ছড়িয়েও দেওয়া হয়েছে। আর এই ঘটনার পরই গুসকরার ইটাচাঁদার বাসিন্দা সেখ সুজাউদ্দিন আউশগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। আর তারপরই নিত্যানন্দবাবুকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও জানা গেছে, সম্প্রতি প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক কমিটি সহ জেলা কমিটি। গুসকরা পুরসভাতেও বসানো হয়েছে নতুন প্রশাসক। সেই জায়গায় স্থান পাননি নিত্যানন্দবাবুরা। আর তারপরেই তাঁরা তলে তলে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন। যা তৃণমূলের অন্দরে আরও অস্বস্তি বাড়াতে পারত। 

স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলকে খুনের হুমকি দেবার ঘটনায় নিত্যানন্দবাবুকে গ্রেপ্তার করে সেই উদ্যোগকে বানচাল করা হয়েছে বলেও মনে করছেন তৃণমূলের একাংশ। মঙ্গলবার ধৃত নিত্যানন্দবাবুকে বর্ধমান আদালতে পেশ করার পর তাঁকে ফের ২৫ সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দিয়ে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

See also  বর্ধমান শহরের মধ্যে দিয়ে বাস চলাচলের দাবিতে নাগরিক প্রতিরোধ মঞ্চের ডেপুটেশন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---