---Advertisement---

Auto Image Slider

জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বাংলার উজ্জ্বল পারফরম্যান্স, পূর্ব বর্ধমানের অয়ন্তিকার রুপো জয়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের আয়োজনে উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত “কে.আই.ও. সাব জুনিয়র, ক্যাডেট ও জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬”-এ পশ্চিমবঙ্গ দল এক অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে। গত ৪ঠা জুন থেকে ৭ই জুন পর্যন্ত প্যারেড গ্রাউন্ডের মাল্টি পারপাস হলে এই জাতীয় প্রতিযোগিতা চলে।

বিজ্ঞাপন

ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিত সেনের বলিষ্ঠ নেতৃত্বে বাংলার তরুণ ক্যারাটেকা বাহিনী মোট ৩৬টি পদক (১০টি সোনা, ৮টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ) জয় করে পদক তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে। এটি রাজ্যের ক্যারাটে খেলোয়াড়দের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।

এই জাতীয় প্রতিযোগিতায় বাংলার হয়ে বিশেষভাবে নজর কেড়েছে পূর্ব বর্ধমান জেলার ক্যারাটেকা অয়ন্তিকা সাহা। ১০ বছর বয়সী অয়ন্তিকা +৪০ কেজি মহিলা কুমিতে বিভাগে রৌপ্য পদক জয় করে জেলার মুখ উজ্জ্বল করেছে। রাজ্য ক্যারাটে বাছাই পর্বে প্রথম স্থান অধিকার করার সুবাদেই সে জাতীয় দলে জায়গা করে নেয়।

জাতীয় স্তরের এই কঠিন প্রতিযোগিতায় অয়ন্তিকা ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ুর প্রতিযোগীদের পরাজিত করে পরপর চারটি বাউটে জয়লাভ করে। ফাইনালে অসমের প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেও, সে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াকু মনোভাব বজায় রেখেছিল। এই অল্প বয়সে অয়ন্তিকার এই লড়াই করার মানসিকতা সত্যিই প্রশংসার দাবি রাখে।

বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং কোচ রেনসি দেবাশীষ কুমার মন্ডল অয়ন্তিকার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, “জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় অয়ন্তিকার পদক জয়ে আমরা সকলে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। পূর্ব বর্ধমান জেলা থেকে এবারের অফিসিয়াল জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় কেবলমাত্র অয়ন্তিকাই সুযোগ পেয়েছিল। ২০২৩ সালেও অয়ন্তিকা জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় একটি ব্রোঞ্জ পদক জয় করেছিল।”

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও জাতীয় ক্যারাটে প্রতিযোগিতার আগে রাজ্য ক্যারাটে সংস্থার পক্ষ থেকে দলের প্রতিটি প্রতিযোগীকে স্পনসরশিপ সহায়তা ও টি-শার্ট প্রদান করা হয়েছে, যা খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

See also  এবার বর্ধমান শহরে করোনা পজিটিভ মহিলা স্বাস্থ্যকর্মী, সিল করা হল এলাকা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---