ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতা: বালি পাচার মামলার তদন্তে নেমে মাত্র তিন মাসের মধ্যেই চার্জশিট জমা করল ED এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিডি মাইনিং সংস্থার ডিরেক্টর অরুণ শরাফ-সহ মোট ১৮ জনের বিরুদ্ধে শনিবার ইডির বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই বালি পাচার চক্রে প্রায় ১৪৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

সূত্র অনুযায়ী, অভিযুক্তদের গ্রেফতারির ৫৭ দিনের মাথায় চার্জশিট জমা দেওয়া হল। প্রায় ৪৭০০ পাতার নথি এবং ৯ জন সাক্ষীর বয়ান সংযুক্ত রয়েছে চার্জশিটে। গত ৬ নভেম্বর অরুণ শরাফকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক জালিয়াতি এবং নিয়ম বহির্ভূত বালি খননের অভিযোগ ওঠে।
ইডি সূত্রে দাবি, ‘ওয়েস্ট বেঙ্গল স্যান্ডে’র বিধিনিষেধ কার্যত উপেক্ষা করে দিনের পর দিন অবৈধভাবে বালি খনন ও বিক্রি করে বিপুল মুনাফা লুট করা হচ্ছিল। এই চক্রে অরুণ শরাফ একা নন, তাঁর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও ১৭ জনকে গ্রেফতার করেছে ইডি।
তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ, বালি পরিবহণে ব্যবহৃত লরির নম্বর ‘হাড়িয়া’ করে একই নম্বর ব্যবহার করে একাধিক লরিতে বালি পরিবহণ করা হত। এতে প্রশাসনের নজর এড়িয়ে নির্বিঘ্নে চলত অবৈধ বালি পাচার। ইডি সূত্রের দাবি, দীর্ঘ তদন্তের পর তথ্যপ্রমাণ সংগ্রহ করে মাত্র ৩ মাসের মধ্যেই চার্জশিট জমা দেওয়া সম্ভব হয়েছে। মামলাটি এখন বিচারাধীন।









