ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পূর্ব বর্ধমান শহরের একাধিক এলাকা জুড়ে এখন রমরমিয়ে চলছে হাতে লেখা পেন্সিল লটারি, যা স্থানীয়ভাবে ‘লেখা লটারি’ নামে পরিচিত। বীরহাটা, বড়বাজার, সর্বমঙ্গলা পাড়া, রসিকপুর, মেহেদীবাগান, লক্ষ্মীপুর মাঠ, নবাবহাট, দুবরাজদীঘি, বিজয়রাম কলেজ মোড়, কালনা গেট, বিসি রোড, বড়নীলপুর, সুকান্তপল্লী এবং হাসপাতাল এলাকা সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে চলছে এই অবৈধ কারবার। এই লটারির থাবায় প্রতিদিন বহু গরীব ও খেটে খাওয়া মানুষ সর্বস্বান্ত হচ্ছেন, যার ফলে সামাজিক সংকট ঘনীভূত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন লটারির দোকানে বিক্রেতারা প্রকাশ্যেই এই টিকিট বিক্রি করছেন। একটি টিকিটের দাম মাত্র ১০ টাকা, যেখানে বিজয়ী নম্বর মিললে ৭ হাজার ৫০০ টাকা জেতার প্রলোভন দেখানো হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভাগ্য সাথ দেয় না, ফলে দৈনিক মজুরি বা সামান্য উপার্জনের বড় অংশই লটারির পেছনে চলে যাচ্ছে। মেহেদীবাগান এলাকার এক বাসিন্দা উদ্বেগ প্রকাশ করে জানান, “আগে ছিলো চোলাই মদ, এখন শুরু হয়েছে এই লেখা লটারি। সারাদিন কাজ করে বাড়ি ফেরার পথে অনেকেই লটারি খেলে সব টাকা হেরে যাচ্ছে। দু’এক জন জিতলে সেই টাকায় মদ খেয়ে ফুর্তি করছে, আর তাদের পরিবারের সদস্যরা হোটেলে কাজ করে সংসার টানার চেষ্টা করছে।” তিনি আরও অভিযোগ করেন, পুলিশ-প্রশাসনের নাকের ডগায় এসব চললেও কেউ নজর দেয় না।
বীরহাটা এলাকার এক বাসিন্দা সচিত্র প্রমাণ দিতে গিয়ে জানান, তিনি নিজেই একটি লটারির দোকানে গিয়ে টিকিট কিনে দেখিয়েছেন কিভাবে নম্বর লেখা হয় এবং খেলা চলে। তিনি বলেন, “বেলা ১টায় খেলার সময় নির্দিষ্ট। এখানে নিজের পছন্দ মতো নম্বর দেওয়া যায়। টোটো চালক, রিক্সা চালক থেকে শুরু করে দোকানের কর্মচারীরা দিনে প্রায় দু’তিনশো টাকার টিকিট কাটে। ভেবে দেখুন, যদি দিনে ৫০ জন লোক এইভাবে টাকা হারায়, তাহলে কত টাকা হাতবদল হচ্ছে এবং কত পরিবার নিঃস্ব হচ্ছে!”

এই অবৈধ কারবার মাসের পর মাস প্রকাশ্যে চললেও পুলিশের নির্বিকার ভূমিকা জনমনে তীব্র সন্দেহ সৃষ্টি করেছে। শহরবাসীর একাংশের প্রশ্ন, “সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে নেই তো?” এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের অবিলম্বে এই বেআইনি কারবার বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে দাবি জানাচ্ছেন সমাজ সচেতন মহল।








