---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে ‘ডিএম ঘাট’ নামে অবৈধ টাকা তোলার চক্র, জড়াচ্ছে স্থানীয় বিধায়কের নাম! বৈধ ইজারাদারদের ক্ষতির আশঙ্কা, প্রশাসন দিল কড়া বার্তা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন নদ নদীতে বালি খাদানের ইজারা ঘিরে পুরোনো ‘ডিএম ঘাট’ নামের আড়ালে ফের সক্রিয় হয়েছে এক অবৈধ চক্র, যা নিয়ে উদ্বেগ গভীর হচ্ছে। প্রশাসন কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘ডিএম ঘাট’ ব্যবস্থা পুরোপুরি বন্ধ এবং এর নামে কেউ টাকা দিলে তার দায় প্রশাসনের নয়। এদিকে এই প্রতারণায় বৈধভাবে ইজারা নেওয়া ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন।

বিজ্ঞাপন

বর্ষাকালীন নদী থেকে বালি উত্তোলনের সময়সীমা শেষ হওয়ার পর সম্প্রতি মাস দুয়েক হলো জেলার নদীবক্ষে বালি তোলার কাজ ফের শুরু হয়েছে। এই পরিস্থিতিতে গত ২১ নভেম্বর জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অতিরিক্ত জেলাশাসকের নির্দেশে জেলার বালি ঘাটের ইজারাদারদের নিয়ে এক জরুরি বৈঠক হয়। সেখানেই বেশ কিছু ইজারাদার সরাসরি প্রশ্ন তোলেন, নতুন করে ‘ডিএম ঘাট’ কিভাবে দেওয়া হচ্ছে? তাঁরা উল্লেখ করেন, সরকারি টেন্ডার প্রক্রিয়ায় বিপুল অর্থ ব্যয় করে লিজ নেওয়ার পর এ ধরনের অবৈধ ঘাটের কারণে তাঁদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

এক বালির ইজারাদারের ম্যানেজার জানিয়েছেন, তারা সমস্ত প্রক্রিয়া মেনেই নদী থেকে বালি উত্তোলনের লিজ পেয়ে থাকেন। অথচ এক শ্রেণীর দালাল ‘ডিএম ঘাট’-এর নাম করে তাদের বৈধ ঘাটের পাশেই অবৈধভাবে বালি তোলার প্রলোভন দেখিয়ে টাকা তুলছে। তারা প্রশাসনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। বর্ধমানের ইদিলপুর, গলসি, খন্ডঘোষ ও জামালপুর সহ বিভিন্ন এলাকার সূত্রে জানা গিয়েছে, বালি মাফিয়াদের একাংশ এই ‘ডিএম ঘাট’ চক্রে সক্রিয় এবং কোথাও কোথাও স্থানীয় বিধায়কদের নামও ব্যবহার করছে তারা। এমনকি বেশ কয়েকজন বিধায়কও এ বিষয়ে বিভ্রান্ত হয়ে জেলা প্রশাসনের কাছে সঠিক তথ্য জানতে চেয়েছেন।

প্রশাসনিক সূত্রে জানা যায়, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত জেলাশাসকের মাধ্যমে বালি ঘাটগুলির টেন্ডার প্রক্রিয়া চলত, যা ‘ডিএম ঘাট’ নামে পরিচিত ছিল। ২০২১ সালে এই নিয়ম পরিবর্তিত হয় এবং বালি খাদানের টেন্ডার এখন ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড (WBMDTCL)-এর অধীনে আসে। WBMDTCL থেকে টেন্ডার প্রক্রিয়া শেষে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি (SEIAA) থেকে চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরই বৈধভাবে বালি তোলা যায়। এই প্রক্রিয়া সম্পন্ন না হলে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে কোনো বৈধ চালান ইস্যু হয় না।

See also  গলসিতে চালকলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কোটি কোটি টাকার ধান-চাল ও যন্ত্রাংশ

জেলা প্রশাসন আরও জানিয়েছে, ২০২১ সালে WBMDTCL প্রক্রিয়া শুরু হওয়ার আগে ২০১৭-২০২১ সালের মধ্যে প্রায় ৫০ জন সরকারি নিয়মে টাকা জমা দিয়ে পরিবেশ ছাড়পত্রের অপেক্ষায় ছিলেন। তাদের মধ্যে কয়েকজন সম্প্রতি SEIAA-এর ছাড়পত্র পেয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে যোগাযোগ করেছেন। এই সুযোগকেই কাজে লাগিয়ে এক শ্রেণীর দালাল মিথ্যা প্রচার করছে যে পুরনো ‘ডিএম ঘাট’ আবার চালু হয়েছে, এবং এই অজুহাতে অবৈধভাবে টাকা তুলছে। জেলা প্রশাসনের এক আধিকারিক দৃঢ়ভাবে জানিয়েছেন, “ডিএম ঘাট এখন পুরোপুরি বন্ধ। কেউ কোথাও কোনোভাবে কাউকে টাকা দিলে তার দায় প্রশাসনের নয়। পুরোনো যারা টেন্ডার পেয়েছেন তাদেরও পুঙ্খানুপুঙ্খ নথি দেখার পরেই অনুমতি দেওয়া হচ্ছে।” এই অবৈধ চক্রের বিরুদ্ধে প্রশাসন কড়া নজর রাখছে।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---