---Advertisement---

Auto Image Slider

রায়না থানার পুলিশের বাজিমাত, ৪৮ ঘণ্টার মধ্যেই হুগলি থেকে উদ্ধার চুরি যাওয়া ১২ চাকার লরি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: অপরাধের তদন্তে নেমে এক বড়সড় সাফল্য পেলো পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পুলিশ। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া একটি ১২ চাকার লরি উদ্ধার করেছে তদন্তকারী অফিসারেরা। পুলিশ সূত্রে জানা গেছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত গুরুত্বপূর্ণ সূত্র এবং দ্রুত অভিযানের ফলে হুগলি জেলার মগরা থানা এলাকার চন্দ্রহাটি থেকে লরিটি উদ্ধার করা সম্ভব হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট, মধ্যরাতে রায়না থানার অন্তর্গত খালেরপুল এলাকার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে থেকে একটি ১২ চাকার লরি চুরি হয়ে যায়। ঘটনার পরদিন অর্থাৎ ৬ আগস্ট, গাড়ির মালিক রায়না থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই রায়না থানার পুলিশ নড়েচড়ে বসে এবং ঘটনার তদন্তে নামে। তদন্তের অংশ হিসেবে রায়না থানার অন্তর্গত বেলসর ফাঁড়ির ইনচার্জ রাজিবুল মণ্ডল দ্রুত আশপাশের বিভিন্ন থানার অধীনস্থ এলাকার রাস্তার ধারের সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলি খতিয়ে দেখতে শুরু করেন। একাধিক সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে চুরি যাওয়া লরিটির গতিবিধি সম্পর্কে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য হাতে পায়।

প্রাপ্ত সেই সূত্রের ভিত্তিতেই পুলিশ দ্রুত অভিযান শুরু করে। অবশেষে, হুগলি জেলার মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি এলাকায়, ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের নিকটবর্তী স্থান থেকে চুরি যাওয়া ১২ চাকার লরিটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লরিটিকে রায়না থানায় নিয়ে আসা হয়েছে।

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া গাড়ি উদ্ধার হওয়ায় পুলিশের এই তৎপরতা এবং পেশাদারিত্বের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। এসডিপিও সদর সাউথ অভিষেক মণ্ডল এই প্রসঙ্গে বলেন, রায়না থানার পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে পদক্ষেপ নিয়ে ১২ চাকা লরি উদ্ধার করেছে। তবে, এই কর্মকাণ্ডের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে এখনও জোর তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

See also  ঈদের আগের সন্ধ্যায় কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---