ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের রমনাবাগান মিনি জু এর ভিতরে হায়নার সদ্যজাত ১০ দিনের একটি বাচ্চার মৃত্যু হয়েছে বলে বনবিভাগ সূত্রে জানতে পারা গেছে। বর্ধমান বিভাগীয় বনাধিকারীক সঞ্চিতা শর্মা জানিয়েছেন, ‘১০ দিন আগে রমনাবাগান জু-য়ে হায়নার দুটি বাচ্চা হয়েছিল। তারমধ্যে একটি বাচ্চার জন্মের পর থেকে কিছু শারীরিক সমস্যার লক্ষ্য করেছিলেন চিকিৎসক। সেইমত বাচ্চা টিকে প্রাথমিকভাবে ইনকিউবেটর ( incubator) যন্ত্রে রাখার ব্যবস্থা করা হয়েছিল।

তারমধ্যেই নির্দিষ্ট সময় অন্তর খাওয়ানোর (feeding) চেষ্টা করা হচ্ছিল। কিন্তু অত্যধিক শীতের কারণে, এবং জন্মগত শারীরিক সমস্যা তৈরি হওয়ায় বাচ্চাটিকে বাঁচানোর আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। যদিও আরেকটি বাচ্চা সুস্থ, স্বাভাবিক অবস্থায় ইতিমধ্যেই মা হায়নার সঙ্গে গর্তে ঢুকে রয়েছে। আশা করা হচ্ছে বাচ্চাটি মায়ের বুকের দুধ খেতেও শুরু করেছে। আমরা মা ও বাচ্চাটির শারীরিক অবস্থার দিকে ২৪ ঘণ্টা নজরদারি রেখেছি।’
বনবিভাগ সূত্রে জানা গেছে, রমনাবাগান মিনি জু’য়ে দুটো হায়না কে একটি এনক্লোজারে রাখা রয়েছে। যদিও স্বাভাবিক বন্য অভ্যাস অনুযায়ী হায়নারা নিজেরাই মাটির ৮/১০ ফুট গভীর গর্ত খুঁড়ে তার মধ্যে ঢুকে থাকে। এখানেও মা হায়নাটি বাচ্চা প্রসবের পর গর্তে ঢুকে গেছে। বন দপ্তরের কর্মীরা বাইরে থেকে খাবার সরবরাহ করছেন। একটি বাচ্চা জন্মের পর থেকেই অসুস্থ থাকায় তার চিকিৎসা ব্যবস্থা করা হয়েছিল। সরাসরি মায়ের দুধ না পাওয়ার জন্য আলাদা করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু জন্মগত সমস্যার কারণে বাচ্চাটিকে বাঁচানো যায় নি বলেই বনবিভাগ সূত্রে জানানো হয়েছে।









