ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কারোর মাথায় হেলমেট নেই, তো কারুর গাড়ির পলিউশন ফেল, আবার অনেকেই সিগন্যাল না মেনেই গাড়ি চালাচ্ছেন। বড়দিনের সকালে ট্রাফিক আইনভঙ্গকারী একাধিক মোটর সাইকেল আরোহীকে জাস্ট কেক খাইয়ে যীশুর মতোই ক্ষমা করে দিলেন বর্ধমানের বীরহাটা ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি। যদিও এই সমস্ত ট্রাফিক আইন যথাযথভাবে মেনে আগামীদিনে তারা যেন গাড়ি চালান সেব্যাপারে রীতিমত সতর্কও করে দিলেন ওসি। ট্রাফিক পুলিশের অভিনব এই মানবিক উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি আইন ভঙ্গকারী প্রত্যেকেই পরবর্তীতে সমস্ত নিয়ম মেনেই মোটরসাইকেল চালাবেন বলে এদিন পুলিশ ও সংবাদ মাধ্যমের সামনে প্রতিশ্রুতি দিয়ে যায়।

প্রসঙ্গত বৃহস্পতিবার সকাল থেকেই পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ও বাইক আরোহীদের হেলমেট পরার প্রয়োজনীয়তা বোঝাতে বর্ধমানের কার্জন গেটচত্বরে হেলমেটবিহীন বাইক ও স্কুটার চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয় বর্ধমানের বীরহাটা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। তবে এদিনের এই অভিযানে নিয়ম ভঙ্গকারীদের কোনো ফাইন করা হয়নি। বরং উৎসবের আবহে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী পদক্ষেপ। নিয়ম ভঙ্গকারীদের দাঁড় করিয়ে সচেতন করার পাশাপাশি তাঁদের খাওয়ানো হয় কেক।
নিয়ম ভাঙায় রাস্তায় আচমকা পুলিশ আটকানোয় প্রথমে কিছুটা ভয় খেয়ে যাওয়ার জোগাড় হলেও একটু ধাতস্ত হতেই পুলিশের সচেতনতার বার্তা ও সঙ্গে কেক পেয়ে ভবিষ্যতে এই ভুল আর হবে না বলে স্বীকারোক্তি দিয়ে যায় নিয়মভঙ্গকারীরা। তবে এর পাশাপাশি এদিন শহরের সহনাগরিকদেরও প্রথমে নিরাপত্তা নিয়ে সচেতন করা হয় এবং কেক খাওয়ানো হয় বীরহাটা ট্রাফিক ওসির পক্ষ থেকে।
বীরহাটা ট্রাফিকের ওসি চিন্ময় ব্যানার্জী বলেন, ‘প্রতিদিনই ডিউটি করি। আজ ২৫শে ডিসেম্বর, বড়দিন। তাই শহরের সহনাগরিকদের কেক খাওয়াচ্ছি। পাশাপাশি যারা হেলমেট না পড়েই গাড়ি চালাচ্ছেন বা ট্রাফিক নিয়মভঙ্গ করছেন তাঁদের প্রথমে দাঁড় করিয়ে কেক খাওয়ালাম এবং সচেতন করলাম।’ তিনি আরও বলেন, ‘ চালকদেরও সচেতন করা হয়েছে। যাতে তারা ট্রাফিক নিয়ম সঠিকভাবে মেনে চলেন এবং এয়ার হর্ণ ব্যবহার না করেন। এই অভিযানের মূল লক্ষ্য বর্ধমান শহরে এক্সিডেন্টের পরিমাণ কমানো এবং উৎসবের মরশুমে যাতে সবাই আনন্দ করতে পারেন তা সুনিশ্চিত করা।’
বাইক আরোহী তরুণ কুমার, অনিকেত চৌধুরী ও অভিরূপ দাস বলেন, বিনা হেলমেটে বাইক নিয়ে যাচ্ছিলাম। কার্জন গেটে প্রথম ট্রাফিক পুলিশে আটকায় এবং ফাইন না করে আজকে বড়দিন উপলক্ষে কেক খাওয়ায়। পাশাপাশি আগামী দিনে যাতে হেলমেট পরি সেই জন্য সতর্ক করেন।এরপর থেকে অবশ্যই আমরা হেলমেট পরেই মোটর সাইকেল চালাবো।









