ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আগামী ২০ নভেম্বর, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর মধ্যবঙ্গের ডাকে অনুষ্ঠিত হতে চলা ‘ছাত্র হুংকার র্যালি’কে কেন্দ্র করে বর্ধমানে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। র্যালির সমর্থনে বর্ধমান শহরের কার্জনগেট সংলগ্ন জি টি রোডের উপর একটি সুবিশাল রোড ওভার গেট তৈরি করা হয়েছিল। তবে গভীর রাতে সেই গেটটি ভেঙে দেওয়া হয়েছে এবং এবিভিপির পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ভাঙচুরের ঘটনায় সরাসরি ছাত্র সংগঠন এসএফআই-এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে এবিভিপি, যা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।

এবিভিপি-র বর্ধমান জেলা সংযোজক সোহম বর্ধন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমাদের ২০শে নভেম্বরের ছাত্র হুংকার র্যালিতে যে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীর সমাগম হবে, তা উপলব্ধি করেই এসএফআই আতঙ্কিত। তাই তারা বর্ধমানের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে এবং আমাদের র্যালি বানচাল করার উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক ভাঙচুর চালিয়েছে।” তিনি আরও জানান, এবিভিপির পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, এবিভিপির আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে এসএফআই। এসএফআই-এর বর্ধমান শহরের সম্পাদক অমৃত রায় পাল্টা কটাক্ষ করে বলেন, “এবিভিপি এখন সব দিকেই এসএফআই-এর ভূত দেখছে। তোরণ বা বুকস্টল ভাঙচুরের মতো ধ্বংসাত্মক সংস্কৃতি এসএফআই-এর নয়।” তবে, এই ঘটনার সুষ্ঠু তদন্তের পক্ষে সওয়াল করে অমৃত রায় পুলিশের কাছে নিরপেক্ষভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর সৃষ্টি হয়েছে, যার জেরে বর্ধমান জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।









