ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দীর্ঘদিনের বকেয়া পুরকর আদায়ে বর্ধমান পুরসভার সফল অভিযানের পর এবার কর্মীদের মুখে হাসি ফোটাল পুর কর্তৃপক্ষ। পুরপ্রধান পরেশচন্দ্র সরকারের নেতৃত্বে চালানো এক বিশেষ অভিযানের পর প্রায় ৮ কোটি টাকা বকেয়া কর আদায় করা হয়েছে, যার ফলে অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন ও ঠিকাকর্মীদের বেতন মেটানো সম্ভব হয়েছে।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে পুরপ্রধান পরেশচন্দ্র সরকার এই সাফল্যের কথা জানান। তিনি বলেন, বকেয়া পুরকর আদায়ে তিনি নিজে রাস্তায় নেমেছিলেন এবং ১০ অক্টোবরের মধ্যে কর জমা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এই কড়া পদক্ষেপের জেরেই নির্ধারিত তারিখ পার হতেই পুরসভার কোষাগারে কর বাবদ প্রায় ৮ কোটি টাকা জমা পড়েছে।
এই বিপুল অর্থ আদায়ের পর পুরসভা একসঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের একদফার বকেয়া পেনশন পরিশোধ করেছে। আগামী শনিবারের মধ্যে আরও একদফার পেনশন মিটিয়ে দেওয়া হবে বলেও পুরপ্রধান জানিয়েছেন। শুধু তাই নয়, ঠিকাকর্মীদেরও দীর্ঘদিনের বকেয়া বেতন এই অর্থ থেকেই মেটানো হয়েছে। পরেশচন্দ্র সরকার আরও বলেন, “বকেয়া পেনশন মেটাতে রাজ্য সরকারও বর্ধমান পুরসভার পাশে দাঁড়িয়েছে। এই খাতে রাজ্য সরকার পুরসভাকে ২ কোটি টাকা অনুদান দিয়েছে।

মোট ৭ কোটি ৯৩ লক্ষ টাকা প্রয়োজন ছিল অবসরপ্রাপ্ত কর্মীদের দু’দফার পেনশন, অস্থায়ী কর্মীদের বেতন এবং কর্মীদের বোনাস বাবদ। এর মধ্যে পেনশনের জন্য প্রায় ৩ কোটি ২০ লক্ষ, অস্থায়ী কর্মীদের বেতনে ১ কোটি ৩২ লক্ষ এবং বোনাসে প্রায় ১ কোটি টাকা খরচ হয়েছে। এই পদক্ষেপের ফলে পুরসভার ৮৭৫ জন অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হয়েছেন।” যদিও ৮ কোটি টাকা আদায় হয়েছে, পুরসভার আর্থিক সংকট পুরোপুরি কাটেনি। পুরপ্রধান এদিন বলেন, “এখনও প্রায় ১২ থেকে ১৪ কোটি টাকা কর বকেয়া রয়েছে। সেই টাকা আদায়েও আমাদের অভিযান চলবে।”








