ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আজ রবিবার সন্ধ্যায় বর্ধমানের সরাইটিকর মোড় এলাকায় এক নির্মীয়মাণ ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ফ্ল্যাট মালিক অশোক গায়েন (৬৫) এবং প্লাম্বার আব্দুল কুদ্দুস মন্ডলের (৪৫)। চারতলার উপর থেকে পড়ে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয় সূত্রে খবর, ফ্ল্যাটের প্রথমতলার পাইপলাইনের ঘরে দু’জনকেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। একইসঙ্গে, ওই ফ্ল্যাটের চারতলার পাইপলাইনের কাঁচ ভাঙা ছিল বলেও স্থানীয়রা দাবি করেছেন। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
মৃত প্লাম্বারের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। পুলিশ বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখে ঘটনার সামগ্রিক তদন্ত শুরু করেছে। পুলিশ খতিয়ে দেখছে, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি কোনো পরিকল্পিত খুন।









