---Advertisement---

Auto Image Slider

ভাতারে রাজনৈতিক সংঘর্ষ, হিংসার ঘটনায় ৩ সিপিআইএম কর্মী গ্রেপ্তার, জেলাজুড়ে আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের ভাতারে সিপিআইএম এবং বিজেপির মধ্যে শুক্রবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিশ। আজ, শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনাটি জেলাজুড়ে নতুন করে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে শেখ আজাহার ও শেখ সাহেবের বাড়ি ভাতারের পাটনা গ্রামে। অপর ধৃত সাইবুদ্দিন চৌধুরীর বাড়ি ভাতারের বলগোনা গ্রামে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬ (২), ১৯১ (২), (৩), ১১৫ (২), ১১৭ (২), ১১৮ (২), ১০৯ (১), ৩ (৫) ধারায় বেআইনি ভাবে বাধা দান, দাঙ্গা বাঁধানো, মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা বাঁধানো যার ফলে মৃত্যু হতে পারে, ইচ্ছাকৃত আঘাত করা এবং খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার, বর্ধমান শহরের বাদামতলায় সংযুক্ত কিষাণ মোর্চার একটি পথসভায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় প্রবীণ বাম নেতা অমল হালদার সহ কয়েকজন আহত হন। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার ভাতারের বলগোনা তেমাথা মোড়ে একটি পথসভার আয়োজন করেছিল সিপিআইএম। কিন্তু সভা শুরু হতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সিপিআইএম ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বচসা এবং পরে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়।

সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি সামাল দিতে বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় উভয় পক্ষের একাধিক কর্মী সমর্থক আহত হন। এরপর বিজেপির পক্ষ থেকে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে ওই তিন সিপিআইএম সমর্থককে গ্রেপ্তার করে। পরপর দু’দিনের এই রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় জেলা তথা রাজ্যজুড়ে উত্তেজনা ও আলোড়ন ছড়িয়ে পড়েছে।

See also  ভেড়া চড়াতে গিয়ে ভাতারে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই মহিলার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---