ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাজ্যের কৃষক ও খেতমজুরদের দুর্বিষহ জীবনযাত্রার প্রতিবাদে এবং ৯ দফা দাবি আদায়ে আয়োজিত একটি সমাবেশে নজিরবিহীন হামলার ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের বাদামতলা মোড়ে। বৃহস্পতিবার সংযুক্ত কিষান মোর্চার ডাকে আয়োজিত এই কর্মসূচিতে পুলিশের উপস্থিতিতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। এই হামলায় সংযুক্ত কিষান মোর্চার রাজ্য আহ্বায়ক অমল হালদার গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথায় চেয়ার ছুঁড়ে আঘাত করা হয়েছে, যার ফলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। এই ঘটনায় মহিলা সহ কমবেশি ২০ জন কৃষক ও খেতমজুর আহত হয়েছেন।


প্রসঙ্গত, কৃষকদের ৯ দফা দাবি নিয়ে পূর্ব বর্ধমান জেলার সংযুক্ত কিষান মোর্চা এদিন বর্ধমান স্টেশন থেকে এক বিশাল মিছিল নিয়ে বাদামতলা মোড়ে আসে, যেখানে একটি সভার আয়োজন করা হয়েছিল। এটি ছিল দেশব্যাপী কৃষক আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিগুলির একটি। মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সভা আয়োজনের জন্য প্রশাসনের কাছে নির্দিষ্ট অনুমতিও নেওয়া হয়েছিল। অভিযোগ, সভা চলাকালীন হঠাৎই বেশ কয়েকজন বিজেপি কর্মী বিনা প্ররোচনায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করে এবং সভা বন্ধ করার জন্য স্লোগান তোলে, যার মধ্যে “হিন্দুর রাজত্বে লাল ঝান্ডার মিছিল চলবে না” এমন উস্কানিমূলক কথাও শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ সামনে থাকা সত্ত্বেও দুষ্কৃতীদের সরাতে কোনো পদক্ষেপ নেয়নি, বরং হাত গুটিয়ে দাঁড়িয়ে ছিল। এরপর আরও কিছু বিজেপি কর্মী জড়ো হয়ে সরাসরি সমাবেশের উপর লাঠি ও রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে।

হামলাকারীরা মঞ্চ ভেঙে দেয় এবং সভায় উপস্থিত কৃষক ও খেতমজুর নেতৃত্বদের উপর চড়াও হয়। হামলার মধ্যেই অমল হালদার বক্তব্য চালিয়ে যেতে থাকলে তাঁর মাথায় সজোরে আঘাত করা হয়। এই দৃশ্য দেখে কিষান মোর্চার কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এমন ‘গুন্ডারাজ’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই হামলাকে পূর্বপরিকল্পিত বলে মনে করছেন। তাঁরা বলছেন, বিজেপির কয়েকজন নেতাকে হামলায় প্ররোচনা দিতেও দেখা গেছে।
সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলের ন্যায্য মূল্য না পাওয়া, সার-বীজ-কীটনাশক সহ কৃষি উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি, এবং কৃষকদের ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করার মতো গুরুতর সমস্যাগুলির সমাধান চেয়েই এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও খেতমজুরদের সারা বছরের কাজ না থাকা, জব কার্ডে কাজ না পাওয়া, এবং ভাগচাষী ও লিজ চাষীদের সরকারি কৃষি যোজনার সুবিধা থেকে বঞ্চিত হওয়ার মতো বিষয়গুলি তুলে ধরা হয়। সারের কালোবাজারি, অগণতান্ত্রিক এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে কৃষক ও খেতমজুরদের নাম বাদ যাওয়া, এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়েও কৃষকরা তাদের অসন্তোষ প্রকাশ করেন।
হামলার পর সংযুক্ত কিষান মঞ্চের পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল জেলা শাসকের কাছে কৃষকদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছে। কৃষক নেতা সৈয়দ হোসেন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন। তিনি পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পুলিশ এখনও পর্যন্ত কোনো দুষ্কৃতীকে গ্রেপ্তার করেনি, যা নিয়ে কৃষক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।








