ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ‘সম কাজে সম বেতন’ সহ একগুচ্ছ দীর্ঘদিনের দাবিতে আগামীকাল বুধবার থেকে পূর্ব বর্ধমান জেলার চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। এই কর্মসূচির ফলে জেলার বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে লিখিতভাবে এই কর্মবিরতির বিষয়ে জানানো হয়েছে।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় প্রায় ১৪০০ জন চুক্তিভিত্তিক স্বাস্থ্য কর্মী রয়েছেন। মঙ্গলবার রাজ্য জুড়ে সমস্ত জেলা স্বাস্থ্য দফতরে বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল। অভিযোগ, পূর্ব বর্ধমান জেলা মুখ্যস্বাস্থ্য কেন্দ্রে স্মারকলিপি জমা দিতে এলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। এর পরই স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতির চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের দাবি, স্বাস্থ্য দফতরের প্রায় ৯০ শতাংশ কর্মীই চুক্তিভিত্তিক হিসেবে কাজ করছেন। তাঁদের মধ্যে অনেকে পনেরো বছরেরও বেশি সময় ধরে পরিষেবা দিচ্ছেন। পোলিও ভ্যাকসিনেশন থেকে শুরু করে সমস্ত ধরনের টিকাকরণ, কোভিড অতিমারীকালীন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এবং জেলা ও ব্লকের সমস্ত স্বাস্থ্য কেন্দ্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এই অস্থায়ী কর্মীরাই করে চলেছেন। অথচ, দীর্ঘদিন ধরে ‘সম কাজে সম বেতন’-এর দাবি জানানো সত্ত্বেও তাঁদের বেতন কাঠামোয় কোনও পরিবর্তন আনা হয়নি।

কর্মীরা নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি, কাজ অনুযায়ী ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ এবং কর্মী নিয়োগের দাবি তুলেছেন। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তাঁরা অনড়। চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী বিকাশ সোনকার জানিয়েছেন, “সারা রাজ্যেই অস্থায়ী কর্মীরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। পূর্ব বর্ধমান জেলাতে বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত অস্থায়ী কর্মীরা আজ, বুধবার, কর্মবিরতিতে সামিল হচ্ছেন।” এই অচলাবস্থা দ্রুত নিরসনে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।








