ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের শক্তিগড় থানার ঘাটশিলা গ্রামে এক মর্মান্তিক ঘটনায় সম্পত্তিগত বিবাদের জেরে নাসেরা শেখ (৪৫) নামে এক মহিলাকে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনায় মৃতার দুই ভাইপো এবং স্বামীর বিরুদ্ধে মূল অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে শনিবার সকালে নাসেরা বেগমের বাড়িতে ঢুকে হামলা চালায় তাঁর ভাইপো আসপিয়া শেখ ওরফে চাঁদ ও শেখ সিকান্দার ওরফে ডালিম এবং অন্যান্যরা। তাদের সঙ্গে মৃতার স্বামী শেখ লুৎফর রহমানও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বাঁশ, লাঠি ও শাবল দিয়ে এলোপাথাড়ি মারধরের পাশাপাশি ইট দিয়ে মাথায় আঘাত করার অভিযোগও রয়েছে। এই হামলায় নাসেরা বেগমের মেয়ে ইসমাতারা খাতুন ও মা মর্জিনা বেগম গুরুতর জখম হন।
স্থানীয়রা চিৎকারের আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তির কিছুক্ষণের মধ্যেই নাসেরা বেগমের মৃত্যু হয়। বর্তমানে আহত ইসমাতারা খাতুন ও মর্জিনা বেগম হাসপাতালেই চিকিৎসাধীন।

তদন্তে জানা গেছে, নাসেরা তাঁর দেওরের কাছ থেকে ৬৫ হাজার টাকায় চার ছটাক জমি কিনেছিলেন। পরবর্তীতে, সেই দেওরই ওই একই জমি ফের নাসেরা বেগমের দুই ভাইপো চাঁদ ও ডালিমের কাছে বিক্রি করে দেন। এরপর থেকেই নাসেরা বেগমের উপর জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে ভাইপোরা। এই চাপই আজকের মর্মান্তিক খুনের কারণ বলে অভিযোগ। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ।








