---Advertisement---

Auto Image Slider

রাত পোহালেই ভাইফোঁটা, কেন চন্দন-দইয়ের ফোঁটা? কেন কড়ে আঙুল? জানুন পৌরাণিক মত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক: রাত পোহালেই উদযাপিত হতে চলেছে ভ্রাতৃদ্বিতীয়া, যা বাঙালির কাছে ভাইফোঁটা নামেই পরিচিত। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। আগামীকাল, ১১ নভেম্বর, বুধবার, বোনেরা তাদের ভাইদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ফোঁটা দেবেন কপালে। এটি শুধুমাত্র একটি প্রথা নয়, ভাই-বোনের আত্মিক বন্ধন এবং একে অপরের প্রতি রক্ষা করার প্রতিজ্ঞার এক পবিত্র উদযাপন।

বিজ্ঞাপন

ভ্রাতৃদ্বিতীয়ার দিন বোনেরা উপবাস থেকে ভাই বা দাদার কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন। ফোঁটা দেওয়ার সময় তারা একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করেন: “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পরলো কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা”। এই মন্ত্রের মাধ্যমে বোনেরা যমরাজের পথে কাঁটা দিয়ে তাদের ভাইদের আয়ু বৃদ্ধির প্রার্থনা করেন।

সনাতন ধর্ম অনুসারে, এই উৎসবের পেছনে এক পৌরাণিক কাহিনি প্রচলিত। বলা হয়, ভাইফোঁটার দিনে মৃত্যুর দেবতা যমরাজ তাঁর বোন যমুনার নিমন্ত্রণ রক্ষা করে তাঁর গৃহে ভোজন করেছিলেন। যমুনা তখন যমরাজের কাছে আশীর্বাদ চেয়েছিলেন যে, এই দিনে যে সকল বোনেরা তাদের ভাইদের ফোঁটা দেবে, তাদের যেন অকালমৃত্যুর ভয় না থাকে এবং তাদের ভাইদের আয়ু বৃদ্ধি হয়। সেই থেকেই বোনেরা তাদের ভাইদের মঙ্গল কামনায় এই অনুষ্ঠান পালন করে আসছেন।

ভ্রাতৃদ্বিতীয়ার ফোঁটা দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিশেষ রীতির গভীরে রয়েছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও গভীর তাৎপর্য। বোনেরা ভাইদের কপালে চন্দন ও দইয়ের ফোঁটা দেন। চন্দনের শীতল গুণ মস্তিষ্কে শান্তি প্রদান করে, ধৈর্য শক্তি বৃদ্ধি করে এবং মনকে শান্ত রাখে। দইয়ের ফোঁটা একাগ্রতা বাড়াতে সাহায্য করে। হিন্দুধর্মে দইকে শুভ বলে মনে করা হয় এবং যেকোনো শুভ কাজে এর ব্যবহার প্রচলিত। তাই এই দুই উপাদান দিয়েই ফোঁটা দেওয়া হয়।

এছাড়াও, ফোঁটা দেওয়ার জন্য তর্জনী, মধ্যমা, অনামিকা বাদ দিয়ে কড়ে আঙুল ব্যবহার করা হয়। মানবদেহের পাঁচটি আঙুল পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক – ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম। এর মধ্যে কড়ে আঙুল মহাশূন্যের প্রতীক। ভাই-বোনের সম্পর্ক যে অসীম এবং ভালোবাসার বন্ধন যে কোনো সীমানায় আবদ্ধ নয়, সেই চিরন্তন ভালোবাসার প্রতীকী রূপ হিসেবেই মহাশূন্যের প্রতীক কড়ে আঙুল দিয়ে ফোঁটা দেওয়ার বিধান প্রচলিত। এভাবেই রীতিনীতি ও গভীর তাৎপর্যের মধ্য দিয়ে ভ্রাতৃদ্বিতীয়া ভাই-বোনের সম্পর্কের পবিত্রতাকে তুলে ধরে, যা যুগ যুগ ধরে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।

See also  পুকুরে পড়ে থাকা নারকেল আনতে পুকুরে নেমে জলে ডুবে মৃত্যু
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---