ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে বর্ধমান শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। হলুদ ও গেরুয়া পোশাকে সজ্জিত ভক্তবৃন্দ, হাতে ধর্মীয় পতাকা নিয়ে শহরের রাজপথ মুখরিত করে তোলেন।

রঙ-বেরঙের সাজে সেজে ওঠা এই শোভাযাত্রায় আবাল-বৃদ্ধ-বণিতা নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভক্তিমূলক পরিবেশ এবং স্লোগানের মধ্য দিয়ে গোটা শহর জুড়ে এক উৎসবের আমেজ তৈরি হয়। প্রতিবছরই এই দৃষ্টিনন্দন শোভাযাত্রা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন শহরবাসী।
এই শোভাযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার এক সুন্দর বার্তা ছড়িয়ে দিয়েছে বর্ধমান জুড়ে। বর্ধমান গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন শান্তিপূর্ণ পরিবেশে শোভাযাত্রাটি সুসম্পন্ন হয়েছে।









