---Advertisement---

Auto Image Slider

বর্ধমান শহরের অতি সুরক্ষিত প্রশাসনিক এলাকা দিয়েই মাদক পাচারের চেষ্টা! নজরদারি কি দুর্বল, প্রশ্ন? গ্রেপ্তার পাঁচ মহিলা পাচারকারী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের অত্যন্ত সুরক্ষিত এবং জনবহুল কোর্ট কম্পাউন্ড চত্বর থেকে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে পাঁচ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ১৯.২ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা পুলিশ সুপার এবং জেলাশাসকের দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয়ের এত কাছে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাঁচ মহিলার মধ্যে চারজন উড়িষ্যার খান্ডামাল জেলার পিরিঙ্গি থানা এলাকার বাসিন্দা। তাদের নাম চন্দ্রীকা কাহার, মিনি মল্লিক, হেমলতা দিগোল এবং মালতি দিগোল। পঞ্চম ধৃত রেহেনা বেগম বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকার বাসিন্দা। বুধবার নবাবহাট বাসস্ট্যান্ডে ওড়িশার চার মহিলা নামার পর টোটোয় চেপে সরাসরি কোর্ট কম্পাউন্ড এলাকায় পৌঁছন। সেখানেই লক্ষ্মীপুর মাঠের বাসিন্দা রেহেনা বেগমের হাতে গাঁজা তুলে দেওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তদন্তকারী সূত্রে খবর, উড়িষ্যা থেকে বর্ধমানে বিপুল পরিমাণ গাঁজা আসার গোপন খবর আগে থেকেই পুলিশের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতেই শহরের বিভিন্ন এলাকায় নজরদারি ও তল্লাশি শুরু হয়। পুলিশের দাবি, পরিকল্পনা মাফিক কোর্ট কম্পাউন্ডে পৌঁছনোর আগেই পুলিশ তাদের ঘিরে ফেলে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভবেশচন্দ্র পালের উপস্থিতিতে পাঁচ মহিলার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯.২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিপুল পরিমাণ মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত আরও বড় কোনও চক্রের সন্ধান পেতে তদন্ত শুরু হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে বর্ধমান থানার পুলিশ মাদকদ্রব্য সংক্রান্ত আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। আগামীকাল, বৃহস্পতিবার তাদের বর্ধমান জেলা আদালতে পেশ করা হবে। এদিকে প্রশাসনিক এলাকার কেন্দ্রস্থলে এমন দুঃসাহসিক মাদক পাচারের চেষ্টা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

See also  পুলিশকে লাথি মেরে মার্ডার কেসের আসামি পালালো, হিন্দি সিনেমার কায়দায় ফের ধরে ফেলল ভাতারের সিভিক ভলান্টিয়ার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---