---Advertisement---

Auto Image Slider

রোগীর স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি, বর্ধমানে ছদ্মবেশে অভিযানে ধরা পড়ল ভুয়া রিপোর্ট দেওয়া ল্যাব, কঠোর পদক্ষেপ কমিশনের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের খোসবাগানে এক বড়সড় চক্রের পর্দাফাঁস হয়েছে, যেখানে একটি প্যাথলজিক্যাল ল্যাব মোটা টাকার বিনিময়ে পরীক্ষা ছাড়াই ভুয়ো রিপোর্ট প্রদান করছিল। রাজ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারপার্সন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু নিজেই ছদ্মবেশে এই অভিযান চালান। এই ঘটনায় কমিশনের নির্দেশে সংশ্লিষ্ট ল্যাবটি বন্ধ করে দেওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

কমিশনের এই অভিযান শুরু হয় একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। এদিন সকালে বিচারপতি বসু তাঁর এক সহকর্মীকে নিয়ে টোটো করে ওই প্যাথলজিক্যাল ল্যাবে পৌঁছান। কমিশনের সহকর্মীর দুদিন আগেই একটি রক্ত পরীক্ষা করানো ছিল, কিন্তু ল্যাব থেকে তাঁদের যে নতুন রিপোর্ট দেওয়া হয়, তা দেখে কমিশনের সদস্যরা রীতিমতো বিস্মিত হয়ে যান। দেখা যায়, একই ব্যক্তির রিপোর্ট সামান্য সময়ের ব্যবধানে সম্পূর্ণ ভিন্ন, যা পরীক্ষা ছাড়াই রিপোর্ট দেওয়ার প্রমাণ। এছাড়াও মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানেই রক্তের রিপোর্ট কিভাবে রোগীকে দিয়ে দেওয়া হলো সেটাও বিস্ময়কর।

চেয়ারপার্সন বিশ্বজিৎ বসু সাংবাদিকদের জানান, ল্যাব কর্তৃপক্ষ তাদের দোষ স্বীকার করেছে এবং জানিয়েছে যে তারা অনুমানের ভিত্তিতে রিপোর্ট তৈরি করেছিল। বিচারপতি বসু প্রশ্ন তোলেন, “এইরকম ভাবে রিপোর্ট এলে চিকিৎসা কী হবে সেটাই ভাবার।” এই গুরুতর প্রতারণার জন্য কমিশন অবিলম্বে ওই ল্যাবের বিরুদ্ধে এফআইআর দায়ের করার এবং সেটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। একই এলাকায় এত প্যাথলজি ল্যাব ও নার্সিংহোম কিভাবে বছরের পর বছর ধরে চলছে, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, গতকাল থেকেই রাজ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন বর্ধমানের বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিষেবার মান যাচাইয়ের জন্য ব্যাপক অভিযান শুরু করেছে। এই অভিযানের প্রথম দিনে শহরের দুটি নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং বাকিদের সতর্ক করা হয়। আজকের ঘটনায় কমিশনের এই কড়া পদক্ষেপ চিকিৎসা পরিষেবার মান বজায় রাখার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা দিল।

See also  ১৯-২১ ফেব্রুয়ারী বর্ধমানে ২২তম চলচ্চিত্র উৎসব
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---