ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) মঙ্গলবার পূর্ব বর্ধমানে এক জোরালো অভিযান চালিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একঝাঁক সদস্য বর্ধমান শহর ও শহরতলীতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একাধিক নার্সিংহোম পরিদর্শন করেন। এই অভিযানে প্রতিটি প্রতিষ্ঠানেই ব্যাপক অনিয়ম ও ‘পুরোটাই বেআইনিভাবে চলছে’ বলে চিহ্নিত করা হয়েছে, যা স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, পরিদর্শন করা নার্সিংহোমগুলিতে ন্যূনতম পরিকাঠামো, ফায়ার সেফটি ব্যবস্থা এবং রোগী অনুপাতে পর্যাপ্ত ডাক্তারের অভাব সুস্পষ্ট। তিনি উল্লেখ করেন, ‘কোনো নিয়মই নেই। বে-নিয়মের কথা কী বলবো।’ স্বাভাবিকভাবেই এই ভয়াবহ পরিস্থিতি জনস্বাস্থ্য সুরক্ষায় চরম অবহেলার চিত্র তুলে ধরেছে।
কমিশনের সদস্য ডা. নারায়ণ ব্যানার্জ্জী জানান, “এদিন আমরা যে কয়েকটি নার্সিংহোম পরিদর্শন করেছি তাদের কোনোটিরই ফায়ার সেফটি ব্যবস্থা আমরা পাইনি। পাননি রোগী অনুপাতে ডাক্তারকেও। একজন ডাক্তার একটা গোটা নার্সিংহোম চালাচ্ছেন – এমনও তাঁরা দেখেছেন।” তিনি আরও যোগ করেন যে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী অধিকাংশ নার্সিংহোমেরই পরিকাঠামো অনুপস্থিত এবং এমনকি নিয়মের অর্ধেক পালনেরও অস্তিত্ব মেলেনি। ডা. ব্যানার্জ্জী স্বাস্থ্য দপ্তরের অতীতের গাফিলতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কলকাতা থেকে নিয়মিত পরিদর্শন জরুরি। তার মতে, “বেশিরভাগ ক্ষেত্রেই এখানে নিয়ম মানা হয়নি। অনিয়ম-ই এখানে নিয়ম।”

এই অভিযানের পর তাৎক্ষণিকভাবে দুটি নার্সিংহোমকে নতুন রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও একটিতে ডায়ালাইসিস পরিষেবা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অন্যান্য নার্সিংহোমগুলিকে সতর্ক করা হয়েছে এবং এক মাসের মধ্যে সমস্ত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদেরও বন্ধ করে দেওয়া হবে।
স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে ডা. ব্যানার্জ্জী জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বলেন, এতদিন এভাবে কেউ পরিদর্শন করেননি, সবে কাজ শুরু হয়েছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বিগত তৃণমূল সরকারের আমলে এ ব্যাপারে মাঝে মাঝেই হানাদারি হলেও বাস্তবে কোনো কাজ হয়নি বলে অভিযোগ ওঠে। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর এই প্রথম জেলার স্বাস্থ্য পরিকাঠামো ও স্বাস্থ্য সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের একঝাঁক সদস্য মঙ্গলবার পূর্ব বর্ধমানে এলেন।কমিশনের এই দুই দিনের সফর আগামীকাল অর্থাৎ বুধবারও চলবে বলে জানা গেছে। এই অভিযান বর্ধমানের স্বাস্থ্য পরিষেবায় একটি নতুন মোড় আনবে বলে আশা করা হচ্ছে।








