ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয় আগামী ৯ ডিসেম্বর, ২০২৬ তারিখে (বুধবার) তার ৪০তম সমাবর্তনে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সাম্মানিক ডি. লিট উপাধি প্রদান করতে চলেছে। একই মঞ্চে, বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে তাঁদের বিশেষ অবদানের জন্য বিজ্ঞানী তথা অধ্যাপক জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে সাম্মানিক ডি. এসসি সম্মানে ভূষিত করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই তিন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানোর প্রস্তাবে ইতিমধ্যেই রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি অনুমোদন দিয়েছেন। গত ১৭ নভেম্বর, রাজভবনের সচিবালয় থেকে উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে সেই সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি এসে পৌঁছেছে।
গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই জোরকদমে সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওই দিন স্নাতক, স্নাতকোত্তর ও গবেষক পড়ুয়াদের হাতে তাঁদের শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এই তিন বরেণ্য ব্যক্তিত্বকে সাম্মানিক ডিগ্রি প্রদান করা হবে।









