ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের নবাবহাট এলাকার একটি নার্সিংহোমে ৪ বছরের শিশুর ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেপ্তার হল অভিযুক্ত পলাতক চিকিৎসক সাইদুল হক। মঙ্গলবার দিল্লির বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাকে জালে তোলে বর্ধমান থানার পুলিশ।

জানা গিয়েছে, ভুল চিকিৎসার অভিযোগে এই নার্সিংহোমের দুই মালিককে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। তদন্তে নেমে পুলিশ চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে। সাইদুল হক বিহারের জাল সার্টিফিকেট ব্যবহার করে বর্ধমানের প্রায় ২৬টি নার্সিংহোমে চিকিৎসা চালাচ্ছিল।
এই গুরুতর বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসে। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে রাজ্য পুলিশ ও স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেন। এরপর থেকেই সাইদুল হকের গ্রেপ্তারির জন্য জোরদার তল্লাশি চলছিল।

মঙ্গলবার তার পালানোর ছক ভেস্তে দিয়ে দিল্লি বিমানবন্দর থেকে তাকে পাকড়াও করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, সে অন্য কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ধৃত সাইদুল হককে আগামীকাল, অর্থাৎ ৭ অক্টোবর, বুধবার বর্ধমান আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।








