---Advertisement---

Auto Image Slider

বর্ধমানের পর এবার জামালপুর, নার্সিংহোমে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ! সদ্যোজাতের মৃত্যুতে উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: পূর্ব বর্ধমানের জামালপুরের কাড়ালাঘাট এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নবজাতকের পরিবার নার্সিংহোম কর্তৃপক্ষ এবং চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ তুলেছে। এই মর্মান্তিক ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ শঙ্খশুভ্র দাসকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। জামালপুর থানার ওসি পঙ্কজ নস্করও ঘটনাস্থলে পৌঁছান।

বিজ্ঞাপন

মৃত শিশুর পরিবার জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। হুগলি জেলার ধনিয়াখালির নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা তাপস রায়, মৃত শিশুর বাবা, অভিযোগ করেন যে তাঁর স্ত্রী শ্রাবণী রায়কে গত ১ অক্টোবর ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে রোগীর প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে তাঁর দাবি। তিনি আরও জানান, ২ অক্টোবর রাতে তাঁর স্ত্রীকে অপারেশন থিয়েটারে (OT) নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁদের জানান যে পেটের শিশুটি নড়ছে না এবং সিজার করতে হবে। সিজারের পর তাঁদের জানানো হয় যে শিশুটি মারা গেছে। তাপস রায়ের প্রশ্ন, অপারেশনের আগে সব ঠিক আছে বলার পর কীভাবে শিশুটি মারা গেল, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নার্সিংহোম কর্তৃপক্ষ দেয়নি।

ঘটনার গুরুতর দিক হলো, এই নার্সিংহোমটি ‘ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন’ অমান্য এবং একাধিক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর কর্তৃক ২০২৫ সালের ১৯ ডিসেম্বরই বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল। সংবাদমাধ্যমে বারবার প্রকাশিত হওয়ার পর ২০২৬ সালের ১০ জানুয়ারি জেলা স্বাস্থ্য দপ্তর ও পুলিশের অভিযানে নার্সিংহোমটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে ‘অদৃশ্য শক্তির’ হাত ধরে চলতি বছরের এপ্রিল মাসেই এটি আবারও চালু হয়ে রমরমিয়ে ব্যবসা চালাতে শুরু করে।

বিএমওএইচ শঙ্খশুভ্র দাস জানিয়েছেন, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে মৌখিকভাবে রিপোর্ট দিয়েছেন এবং লিখিত রিপোর্ট শীঘ্রই জমা দেবেন। তিনি আরও জানান, শিশুটির ময়নাতদন্তের জন্য পুলিশ দেহটি নিয়ে গেছে। নার্সিংহোমটি পুনরায় খোলার বিষয়ে তিনি বলেন যে, এটি তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাধীন নয় এবং জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশেই এটি খুলেছে বলে তাঁর জানা।

See also  আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূল নেতা বামদেব মন্ডল, পাঁচ দিনের পুলিশ হেফাজত

এ প্রসঙ্গে চিকিৎসক কামাল হোসেনের বক্তব্য, শিশুটির মৃত্যু পেটের মধ্যেই হয়েছিল এবং ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে ডেলিভারির সময়েই শিশুটির মৃত্যু গর্ভেই হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট হবে। তিনি আরও জানান, যদি নার্সিংহোমের পরিকাঠামোর মান উন্নত না হয়, তবে এটি আবারও বন্ধ করে দেওয়া হবে। এই ঘটনা জেলাজুড়ে অবৈধ নার্সিংহোমগুলির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও কড়া পদক্ষেপের প্রয়োজনীয়তা আবারও উস্কে দিলো বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---