---Advertisement---

Auto Image Slider

মর্মান্তিক! গলসির শিল্ল্যায় দামোদরে স্নান করতে নেমে আচমকা তলিয়ে গেল যুবক, অল্পের জন্য রক্ষা চার বন্ধুর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: দামোদর নদে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গেলেন ১৮ বছর বয়সী এক যুবক। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গলসি থানার শিল্ল্যাঘাট এলাকায়। নিখোঁজ যুবকের নাম রিপম দাস, তাঁর বাড়ি গলসির পারাজ, বোলপুরে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে রিপম দাস তাঁর চার বন্ধু সজল দাস, কার্তিক সেন, নিতাই দাস এবং গৌরব রক্ষিতের সঙ্গে দামোদর নদে স্নান করতে গিয়েছিলেন। পাঁচ বন্ধুর মধ্যে দু’জন নদীর পাড়েই ছিলেন, বাকি তিন বন্ধু জলে নেমে স্নান করছিলেন। প্রাথমিক অবস্থায় কোমর সমান জলে তাঁরা স্নান করলেও, কিছুটা এগোতেই আচমকা জলের গভীরতা বেড়ে যায়। সেই সময় তিন বন্ধু জলের তোড়ে তলিয়ে যেতে শুরু করেন।

বন্ধুদের মধ্যে গৌরব রক্ষিত জানিয়েছেন, আচমকা জলের গভীরতা বেড়ে যাওয়ায় তাঁরা বিপদের মুখে পড়েন। সেই পরিস্থিতিতে নিতাই দাস কোনওরকমে গৌরবকে ধরে নদীর পাড়ে ফিরে আসতে সক্ষম হন। কিন্তু রিপম দাসকে আর বাঁচানো সম্ভব হয়নি। বন্ধুদের চোখের সামনেই প্রবল জলের স্রোতে তলিয়ে যান রিপম। চোখের পলকে ঘটে যাওয়া এই ঘটনায় বাকি বন্ধুরা আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়েন।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে ভিড় জমান। গলসি থানায় খবর দেওয়া হলে পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকা ঘিরে রাখে। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে জাল নিয়ে নদীতে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছেন। পাশাপাশি, পুলিশের খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। এখন পর্যন্ত রিপম দাসের কোনো খোঁজ মেলেনি, তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

See also  বর্ধমানে ১০০ দিনের কাজে টাকা আত্মসাতের ঘটনায় চাঞ্চল্য, সাসপেণ্ড দুই সুপারভাইজার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---