ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের ঐতিহাসিক অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে গত ১৪ জুলাই, সংঘটিত চুরির ঘটনার কিনারা করল বর্ধমান থানার পুলিশ। প্রায় ১৩ দিনের নিবিড় তদন্ত শেষে উত্তর ২৪ পরগনার দুই বাসিন্দা মহম্মদ আলমগীর সর্দার ও মনিরুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার, ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহম্মদ আলমগীর সর্দারের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার সব্দলপুর এলাকায় এবং মনিরুল মণ্ডলের বাড়ি উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা থানার শিকিরা গ্রামে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই, গভীর রাতে সর্বমঙ্গলা মন্দির ও মন্দির চত্বরে অবস্থিত একটি শিব মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্টি বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষের অভিযোগ অনুযায়ী, রাত দেড়টা থেকে দু’টোর মধ্যে কিছু দুষ্কৃতী মন্দিরের গেট ভেঙে প্রবেশ করে। তারা মন্দির চত্বরে থাকা চারটি দান বাক্স ভেঙে সমস্ত টাকা লুঠ করে। এছাড়াও, শিব মন্দির থেকে কিছু সোনার গহনা ও বাসনপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
এই অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করে। মন্দির চত্বর ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে তেরো দিনের মাথায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই গ্রেপ্তারের ফলে মন্দিরের নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্ন এবং ভক্তদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের কিছুটা অবসান হবে বলে মনে করা হচ্ছে।








