ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর ২ পঞ্চায়েতের বেচারহাট শ্মশানপাড়া এলাকায় দামোদর নদে স্নান করতে গিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারাল দুই কিশোর। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কিশোরদের নাম অভিজিৎ দাস (১৫) ও আদিত্য দে (১৩)। দুজনেই স্থানীয় শ্মশান পাড়া এলাকার বাসিন্দা ছিল। ঘটনার খবর পেয়েই বর্ধমান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এইদিন দুপুরে অভিজিৎ দাসের ঠাকুমা যখন নদীতে স্নান করতে গিয়েছিলেন, তখন তাঁর পিছন পিছন চার-পাঁচজন কিশোর-কিশোরীও নদীতে নামে। স্নান শেষে ঠাকুমা পাড়ে উঠে আসার সময় তাঁর এক সঙ্গী লক্ষ্য করেন জলের কিছুটা দূরে কেউ একজন অস্বাভাবিকভাবে হাত-পা ছুড়ছে। মুহূর্তের মধ্যে বিষয়টি অন্যান্যদের দৃষ্টিগোচর হলে সেখানে শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন। এক কিশোরীকে কোনোক্রমে জীবিত অবস্থায় জল থেকে উদ্ধার করা সম্ভব হলেও, অভিজিৎ ও আদিত্য মুহূর্তের মধ্যে গভীর জলের নিচে তলিয়ে যায়।

বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর স্থানীয় বাসিন্দারা যখন কিশোর দুটিকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন, ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের আনুষ্ঠানিকভাবে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, এই ঘটনায় গোটা এলাকা শোকে মূহ্যমান হয়ে পড়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা এই অকাল প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছেন। অন্যদিকে দামোদরের এই বিপজ্জনক জায়গাগুলোতে নিরাপত্তা এবং সতর্কবার্তা বাড়ানোর দাবি তুলছেন সচেতন নাগরিক মহল।










