---Advertisement---

Auto Image Slider

বিজেপির দুটি গোষ্ঠীর দ্বন্দ্বে তীব্র উত্তেজনা জামালপুরে, থানার সামনেই বিক্ষোভ বিজেপি কর্মীদের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: ফের গোষ্ঠী কোন্দলের জেরে রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের জামালপুর। আজ মঙ্গলবার থানার সামনেই পুলিশের গাড়ি আটকে ব্যাপক বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দলের দুই গোষ্ঠীর পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগের জেরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে জামালপুর থানা চত্বর।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির অভ্যন্তরীণ বিবাদের সূত্রপাত তিন দিন আগে। বিজেপির ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের গ্রেফতারের দাবিতে প্রথম দিন থেকেই সরব হয় দলেরই একটি অংশ। প্রতিবাদে চলে থানা ঘেরাও কর্মসূচি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাল্টা মিছিল করে শক্তির মহড়া দেখান স্বয়ং প্রধান চন্দ্র পাল। এরপর থেকেই পরিস্থিতি আরও অবনতির দিকে এগোতে থাকে।

পরিস্থিতি চরমে পৌঁছায় যখন জামালপুর থানার অন-ডিউটি গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি কর্মীরা। থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন জামালপুর ৩ নং মন্ডলের সভাপতি। বিক্ষোভের এক পর্যায়ে থানার গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতীকী প্রতিবাদ জানান তিনি। বিক্ষোভকারীদের অভিযোগ, ‘অদৃশ্য হাতের ইশারায়’ পুলিশ বিজেপির দুই নিরপরাধ কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাদের দাবি, প্রকৃত অপরাধীরা রাজনৈতিক আশ্রয়ে ধরাছোঁয়ার বাইরে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে, বিজেপির ১ নং মন্ডলের সহ-সভাপতি পাল্টা অভিযোগ তুলে বলেন, “থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ আজ পর্যন্ত মূল অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করেনি।”

পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করে। দীর্ঘ টানাপোড়েনের পর পুলিশি তৎপরতায় বিক্ষোভকারীদের সরিয়ে জমায়েত ছত্রভঙ্গ করা হয়। পাশাপাশি, গোলমালের ঘটনায় ধৃত ওই দুই বিজেপি কর্মীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, জামালপুরে গেরুয়া শিবিরের এই প্রকট অন্তর্দ্বন্দ্ব তাদের সাংগঠনিক ভিত্তিকে ক্রমশ দুর্বল করে তুলছে। বিধানসভা নির্বাচনের আবহে দলের এই অভ্যন্তরীণ কোন্দল বিরোধী শিবিরে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বর্তমানে জামালপুর থানা চত্বর ও সংলগ্ন এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে।

See also  প্রচারই সার - খোদ হাসপাতালের প্রসূতি বিভাগের সামনেই ব্যাপক জমায়েত ঘিরে আশংকা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---