---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, শিশু সহ আহত প্রায় ১৬ জন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: বৃহস্পতিবার সাত সকালে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রায়না থানার অন্তর্গত গোপালপুর মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই বাস উল্টে যায়। এই দুর্ঘটনায় শিশু-সহ প্রায় ১৬ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে খবর, বাসটি আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। গোপালপুর মোড়ের কাছে হঠাৎই বাসটির একটি পাতি ভেঙে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। এর জেরেই বাসটি রাস্তার উপর পাল্টি খেয়ে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসের ভিতরে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েন।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রায়না থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী ও ট্রাফিক পুলিশ। ওসি নিজে উদ্ধারকাজের নেতৃত্ব দেন এবং পুলিশকর্মীদের সহায়তায় আটকে পড়া আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করা হয়। তাঁদের তাৎক্ষণিকভাবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে দু’জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। বাসের খালাসিও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ৭ নম্বর রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়, যার ফলে লম্বা যানজটের সৃষ্টি হয়।

এই সাতসকালে এমন ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। কীভাবে বাসের পাতি ভেঙে গেল এবং যান্ত্রিক ত্রুটিই এর মূল কারণ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের দ্রুত পদক্ষেপ এবং উদ্ধারকাজে সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

See also  ঝাড়ফুঁকের নামে যুবতীকে ধর্ষণ ওঝার, গ্রেফতার ওঝা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---