ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: জাতীয় পোলিও টিকাকরণ দিবস উপলক্ষে আজ, রবিবার (২৮ জুন, ২০২৬) বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে একটি বিশেষ পোলিও টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। বর্ধমান পৌরসভা এবং স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান ওয়েভের যৌথ পরিচালনায় এই শিবির থেকে ০ থেকে ৫ বছর বয়সী শিশুদের পোলিও প্রতিষেধক খাওয়ানো হয়েছে।

শহরের অন্যতম ব্যস্ত এলাকা কার্জন গেটকে শিবিরের স্থান হিসেবে বেছে নেওয়ার ফলে যাতায়াতকারী বহু শিশুর কাছে পোলিও ডোজ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের সুস্থ ভবিষ্যতের প্রতি সামাজিক দায়বদ্ধতা তুলে ধরা হয়েছে।
বর্ধমান ওয়েভ সংস্থার পক্ষ থেকে শরৎ কোলে জানিয়েছেন, শুধুমাত্র পোলিওর ডোজ দেওয়াই নয়, প্রতিটি শিশুর হাতে একটি করে উপহারও তুলে দেওয়া হয়েছে, যা শিশুদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে। সংস্থার সভাপতি সুবীর কুমার দে এই উদ্যোগকে সামাজিক দায়িত্ববোধের এক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
এই জনহিতকর কর্মসূচিতে উপস্থিত ছিলেন অরূপ লাহা, সৌমেন লাহা, সোমনাথ দত্ত, তন্ময় রায়চৌধুরী, জাকির হোসেন, কৌশিক সরকার, বুম্বা কুণ্ডু, সুকান্ত দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শিবির পরিচালনায় বীরহাটা সাব-ট্রাফিক গার্ডও সক্রিয় সহযোগিতা করেছে, যা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে সহায়ক হয়েছে।








